বন্যার পানিতে ডুবে ছাত্রীসহ দুজনের মৃত্যু
বগুড়ার ধুনট উপজেলায় আজ সোমবার বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।
তারা হলো সাথী আক্তার (১৩) ও মনিকা খাতুন। সাথী উপজেলার কাদাই গ্রামের আবদুল বাকির মেয়ে। সে কাদাই দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়ত। মনিকা উপজেলার শিয়ালি গ্রামের সাহেব আলীর মেয়ে।
ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত কবীর দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।
সাথীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশের কাদাই খালে পড়ে যায় সাথী। বন্যার কারণে সেখানে স্রোত থাকায় সাঁতার না জানা সাথী ডুবে যায়। প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বেলা তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এ দিকে উপজেলার শিয়ালি গ্রামের মুক্তিযোদ্ধা মোজাফফর রহমানের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করত মনিকা খাতুন। বিকেল পৌনে চারটার দিকে মোজাফফর রহমানের স্ত্রীর সঙ্গে বন্যায় ডুবে যাওয়া সড়ক দিয়ে যাচ্ছিল সে। হঠাত্ করে তাঁরা দুজনই পানিতে পড়ে যান। মোজাফফর রহমানের স্ত্রী পানি থেকে উঠলেও মনিকা পানিতে ভেসে যায়। ঘণ্টা খানেক পর ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।