বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু
নওগাঁর আত্রাই ও রানীনগরে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বেলা একটার দিকে আত্রাইয়ের হেঙ্গলকান্দী গ্রামের বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে ইয়াম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। ইয়াম উপজেলার হেঙ্গলকান্দী গ্রামের মো. মিন্টুর ছেলে।
আত্রাই থানার ওসি মো. বদরুদ্দোজা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াম শনিবার দুপুরে বাড়ির উঠানে নৌকায় চড়ে খেলা করছিল। একপর্যায়ে সে নৌকা থেকে পড়ে যায়। দীর্ঘ সময় পর বাড়ির লোকজন ইয়ামকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির পাশে বন্যার পানিতে ইয়ামকে ভাসতে দেখেন গ্রামবাসী। সঙ্গে সঙ্গে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ছাড়া নওগাঁর রানীনগরে বন্যার পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার এক দিন পর অজিত চন্দ্র (৫৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ভেঙে যাওয়া রাস্তা পার হওয়ার সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন অজিত। শুক্রবার সকালে তাঁর লাশ পাওয়া যায়। অজিত কুনৌজ গ্রামের বাসিন্দা ছিলেন।
ইউপি সদস্য সাহেব আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অজিত ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। গ্রামের দক্ষিণ-পশ্চিম পাশে বন্যার পানির চাপে ভেঙে যাওয়া রাস্তা পার হওয়ার সময় স্রোতে ভেসে যান অজিত।