বন্যার পানিতে তিন জেলায় ভোগান্তি
উজানের ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা, ধরলা, সানিয়াজান ও রত্নাই নদীর পানি বেড়ে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ফসলের ব্যাপক ক্ষতির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে গোখাদ্য-সংকট। অপ্রতুল ত্রাণের কারণে না খেয়ে বা আধপেটা খেয়ে দিন কাটছে পানিবন্দী মানুষের। সরেজমিনে ঘুরে প্রথম আলোর প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো সংবাদ:
লালমনিরহাট: তিস্তা, ধরলা, সানিয়াজান ও রত্নাই নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, গত ২০ আগস্ট থেকে দফায় দফায় বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সব নদ-নদীর পানি বেড়ে এ পর্যন্ত ৪১ হাজার ৫৫৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাফায়েত হোসেন বলেন, প্রথম ও দ্বিতীয় দফার বন্যায় জেলার মোট ৯ হাজার ৯৭ হেক্টর জমির রোপা আমনের খেত ক্ষতিগ্রস্ত হয়।
কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমোর, কিংছিনাই, সন্ন্যাসী, সারডোব, কালুয়ার চর ও চর চতুর্ভুজ ঘুরে দেখা যায়, ঘরবাড়ি, ফসলি জমি—সব পানিতে ডুবে আছে। কোথাও একবুক, কোথাও কোমরপানি। চলাচলের বাহন কলার ভেলা বা ডিঙিনৌকা।
জয়কুমোর চরে গিয়ে দেখা যায়, ডিঙিনৌকায় আনিজা ছেলে মিলনকে নিয়ে কলাপাতা কাটছেন। তিনি বলেন, ‘গরু-ছাগলের খাবার নাই। তাই কলার পাতা কাটপার নাগছি।’
চর সারডোবে চারদিকে খোলা একটি বাড়িতে চোখে পড়ে এক বৃদ্ধ বাঁশের মাচায় শুয়ে আছেন। নৌকা নিয়ে বাড়ির ভেতরেই ঢুকে পড়া যায়। কাছে গিয়ে নাম জানতে চাইলে তিনি বলেন, মো. হাবিবুল্ল্যার (৬৯)। পানির মধ্যে এখানে পড়ে আছেন কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘সগাই নদী পার হয়া গেইছে। ফাঁকা বাড়ি কাক থুইয়া জাং। কষ্ট করি মুই আছোং।’
বিকেলে ফেরার সময় নৌকা থেকে নেমে হোলখানা ইউনিয়নে গিয়ে দেখা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে চাল বিতরণ করছেন ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক। সঙ্গে আছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ‘আমার ইউনিয়নে পানিবন্দী পরিবার ছয় হাজারের ওপরে। এর মধ্যে চার শ পরিবারের জন্য ১০ কেজি করে চাল পেয়েছি। কাকে ছেড়ে কাকে দেব।’
নীলফামারী: নীলফামারী জেলায় তিস্তা নদীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি কমেনি বন্যাকবলিত লোকজনের। গত বুধবার তিস্তাপারের ছোটখাতা গ্রামে সরেজমিনে দেখা যায়, মানুষজন বাড়িঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছে। গতকাল বৃহস্পতিবার কথা হয় ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের হাফিজ উদ্দিনের (৭০) সঙ্গে। তিনি বলেন, ‘বন্যায় ঘরবাড়ি ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু কাজকর্ম করতে না পারায় কষ্টে আছি। সরকারি কোনো সাহায্য-সহযোগিতা এখনো পাই নাই।’
টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত পাঁচ শ পরিবারের তালিকা দিয়ে দুই মেট্রিক টন চাল পেয়েছি। তা দুই শ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।’ জেলা প্রশাসক জাকীর হোসেন বুধবার বিকেলে বলেন, জলঢাকা উপজেলায় পাঁচ মেট্রিক টন চাল, ২৫ হাজার টাকা এবং ডিমলা উপজেলায় ১৮ মেট্রিক টন চাল ও ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে। কোনো সমস্যা হবে না।