বন্যার পানিতে স্বপ্নভঙ্গ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন। শিশু শ্রেণি থেকেই মেধাবী সে। শিক্ষকদের প্রত্যাশা ছিল, সৌরভ প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে। প্রতিদিনই আগেভাগে স্কুলে এসে শিক্ষকদের কাছে প্রস্তুতি ক্লাস করত। কিন্তু সৌরভের বিদ্যালয়টি এখন নেই। বাঁধ ভেঙে ভেসে গেছে বিদ্যালয়ের চেয়ার-টেবিল, বেঞ্চ ও শিক্ষা উপকরণসহ সবকিছু।
মা-বাবার সঙ্গে কোনো রকমে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয়কেন্দ্রে উঠেছে। নভেম্বরে প্রাথমিকের সমাপনী পরীক্ষা (পিএসসি)। বিদ্যালয়টি পানির স্রোতে ভেসে যাওয়ায় তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত।
শুধু সৌরভ নয়, বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় সারিয়াকান্দির চন্দনবাইশা, ঘুঘুমারি ও রোহদহ এলাকাসহ পাশের ধুনট ও সোনাতলা উপজেলার কয়েক হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়িঘরও পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা প্রশাসনের হিসাবমতে, গত ২৮ আগস্ট রাতে সারিয়াকান্দির রোহদহ শেখপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় সারিয়াকান্দিসহ ধুনট ও সোনাতলা উপজেলার অন্তত ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। বন্যায় এসব প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
গত সোমবার সারিয়াকান্দির দুর্গত এলাকা ঘুরে দেখা গেছে, কোনো কোনো এলাকায় পানি নেমে গেলেও বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং শিক্ষার উপকরণ পানিতে ভেসে যাওয়ায় নতুন করে পাঠদান শুরু করা সম্ভব হচ্ছে না। কয়েকটি বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও বেঞ্চ ভেসে যাওয়ায় সড়কে বা খোলা আকাশের নিচে পাঠদান শুরু হয়েছে। আবার কোথাও কোথাও পাঠদান শুরু হলেও আশ্রয়কেন্দ্র থেকে

শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। অনেকের কাছে বই-খাতাও নেই।
ঘুঘুমারি বাঁধের আশ্রয়কেন্দ্রে মা-বাবার সঙ্গে আশ্রয় নিয়েছে আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাখাওয়াত হোসেন, ময়না খাতুন, সনি আকতারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। সাখাওয়াত জানায়, তাদের বাড়ি শেখপাড়ায়। বাঁধ ভেঙে মধ্যরাতে পানি ঢুকে বাড়িঘর ডুবে গেলে কোনো রকমে সে মায়ের সঙ্গে ঘরের ছাউনিতে আশ্রয় নেয়। সকালে উদ্ধারকারী নৌকা গিয়ে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসে। সনি বলে, স্কুলে এখনো পানি। বইপুস্তক কিছুই নেই। সামনের মাসে সমাপনী পরীক্ষা থাকলেও সেটি হয়তো দেওয়া হবে না।
আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ১৯৮৮ সালে নির্মিত এই বিদ্যালয়টি পাঁচ দফায় যমুনার পানির তোড়ে পড়ে। তিন মাস আগে সর্বশেষ এখানে টিনের ঘর তুলে পাঠদান শুরু হয়। ২৮ আগস্ট পানি উঠলে বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এক রাতের মধ্যেই সব শেষ হয়ে গেছে। যমুনার ঢলে বেঞ্চ, চেয়ার-টেবিল ভেসে গেছে। শিক্ষার উপকরণ বলতে কিছু নেই। সামনের মাসে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা। ১৭১ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান রেজা বলেন, ‘বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিদ্যালয় ছুটি দিয়ে সবকিছু গুছিয়ে বাড়ি আসি। শুক্রবার সকালে গিয়ে দেখি গোটা বিদ্যালয়ের টিনের ঘরটি স্রোতের তোড়ে দুমড়ে-মুচড়ে গেছে। আসবাব ভেসে গেছে। শিক্ষার উপকরণ নষ্ট হয়েছে। এ অবস্থায় বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ ছাড়া নতুন করে পাঠদান সম্ভব নয়। বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর এসএসসির প্রস্তুতি পরীক্ষা রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।’