বন্যা এবং বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১৫ টাকা বেড়েছে। একই অবস্থা মাছ ও পেঁয়াজের দামেও। বিক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতির আরও অবনতি হলে সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে কোরবানির ঈদের দুই সপ্তাহ আগে থেকেই বাড়ছে আদা, রসুনের দাম।
গতকাল বুধবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার, মিরপুর ১ নম্বর, কল্যাণপুর নতুন বাজার এবং কারওয়ান বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যার কারণে যেসব এলাকায় সবজির চাষ হয় বিশেষ করে উত্তরাঞ্চলের বেশির ভাগ সবজিখেত নষ্ট হয়ে গেছে। তা ছাড়া এ সময়টায় গ্রীষ্মকালীন সবজির মৌসুম শেষের দিকে থাকায় এমনিতেই জোগান কম থাকে।
কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, এখন সবজির দাম বেশি। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সবজিখেত। জেলাগুলো থেকে আগের মতো সবজি সরবরাহ হচ্ছে না। বন্যা পরিস্থিতি খারাপ হলে বাজারে ব্যাপক সংকট দেখা দেবে।
বাজারে সাধারণত সবজির দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে থাকে। গতকাল বেশির ভাগ সবজির দাম বিক্রেতারা কেজিপ্রতি ৬০ টাকা বা তার বেশি চাইছিলেন। পটোল, চিচিঙ্গা, কাঁকরোল, করলা, বেগুন, কচুমুখি, বরবটি, ঝিঙে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০ টাকা, শিম ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মহাখালী বাজারের সবজি বিক্রেতা মো. আলমগীর বলেন, ‘বাড়ি-খেত সব ডুইবা গেছে। খেতে পানি। সবজি আসতেছে না। কারওয়ান বাজার থিক্যা কিনতে হয় বেশি দামে, তাই বিক্রিও বেশি দামে। যা পাওয়া যাচ্ছে তাই বেশি। পানি বাড়লে সামনে কী হবে কেউ জানে না।’
এই বাজারে বাজার করতে আসা মো. রায়হান মাহমুদ বলেন, ‘বাজারে সবজির সরবরাহ কম বলে মনে হয়েছে। ৫০-৬০ টাকার নিচে কোনো সবজি নেই। তবে বিক্রেতাদের দাম বাড়ানোর কারণ লাগে না। এখন বন্যার কারণে বাড়ছে, বন্যা না থাকলে অন্য কোনো কারণে বাড়াত।’
বাজারভেদে কাঁচা মরিচের দামে পার্থক্য দেখা যায়। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে কাঁচা মরিচ কেজিপ্রতি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে কাঁচা মরিচ কেজিপ্রতি ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মহাখালী বাজারে মরিচের দাম ১৭০ টাকা।
কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামালের আড়তে গিয়ে দেখা যায়, সবজির বাজারে সরবরাহ বেশ কম। বাজারে ক্রেতার উপস্থিতিও কম।
বাজারে মাছের দামও চড়া। তবে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, দামও কিছুটা কমেছে। বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে। আধা কেজি ওজনের মাঝারি আকৃতির ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
কল্যাণপুর নতুন বাজারের মাছবিক্রেতা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, ইলিশের সরবরাহ বাড়লেও অন্যান্য মাছের সরবরাহ কম। তাই দাম কিছুটা বাড়তি। রুই মাছ কেজিপ্রতি ২৮০ থেকে ৩৫০ টাকা, চাষের কই ১৬০ থেকে ১৮০ টাকা, চিংড়ি আকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত এক মাসে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা আর আমদানি করা পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক মাস আগে প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ২২ থেকে ৩২ টাকা ছিল। ব্যবসায়ীরা বলছেন, ভারতে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে প্রভাব পড়েছে।
কোরবানির ঈদ সামনে রেখে পেঁয়াজ-রসুনসহ মসলাজাতীয় পণ্যের দাম বাড়ছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম তেমন একটা না বাড়লেও কেজিতে ১০ টাকা বেড়েছে আদা এবং রসুনের দাম। দেশি রসুন ৯০ থেকে ১১০ টাকা, আদা মানভেদে ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।