বন্যার ভাঙন থামাল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরভদ্রাসনের মানুষের এ রকম স্বতঃস্ফূর্ত উদ্যোগে রক্ষা পেয়েছে বিপন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ l আলীমুজ্জামান
চরভদ্রাসনের মানুষের এ রকম স্বতঃস্ফূর্ত উদ্যোগে রক্ষা পেয়েছে বিপন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ l আলীমুজ্জামান

১৪ বছরের ছাত্র জাহেদুর আর ৬২ বছরের কৃষক সোবারেক শেখ পাল্লা দিয়ে ছুটছেন। দুজনের মাথায় ভারী বালুর বস্তা। তাঁরা দৌড়াচ্ছেন। বস্তা মাথায় ছুটছেন তাঁদের মতো আরও শ খানেক মানুষ। বস্তার পর বস্তা বালু ফেলা হচ্ছে প্রায় ৩০ ফুট লম্বা, ২০ ফুট চওড়া ও ১০ ফুট গভীর একটি গর্তে। বানের ঢলের বিরুদ্ধে নিমেষেই গড়ে উঠল মানুষের বাঁধ। খালি গায়ে লুঙ্গি মালকোঁচা মেরে লোকজন নেমে এসেছেন এলাকা বাঁচাতে।
হঠাৎ ভাঙন, হঠাৎ প্রতিরোধ: গত ৩১ জুলাই রাত নয়টায় চরভদ্রাসনের পদ্মা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ ফুট জায়গা ধসে যায়। পানির ঢল দ্রুত চলে আসে ফরিদপুর থেকে চরভদ্রাসনের দিকে যাওয়া রাস্তার বাঁ পাশে। এর চাপেই গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ ভাঙনের মুখে পড়ে চরভদ্রাসনের আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজারের পাশের সড়ক। পদ্মার বাঁধভাঙা পানি দ্রুতবেগে ঢুকে পড়ছিল রাস্তার ডান পাশের লোকালয়ে। দ্রুতই ভাঙন বুজিয়ে ফেলা না গেলে ডান দিকের বসতবাড়িতে পানি ওঠা ঠেকানো যাবে না। বাঁচানো যাবে না একমাত্র পাকা সড়ক। ডুববে ইউনিয়নের কয়েকটি গ্রামের ফসলের খেত। গবাদিপশুর দাঁড়ানোর জায়গা থাকবে না। চরভদ্রাসন আর সদরপুর উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে ফরিদপুর শহরের। ইতিমধ্যে দুটি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে।
প্রথম বাঁধটা মানুষের: দৃশ্যটা যুদ্ধের মতোই। মুঠোফোনে নিমেষে ছড়িয়ে পড়ে রাস্তা ভাঙনের খবর। ছুটে আসেন স্থানীয় ব্যক্তিরা। প্রায় ৫০ জন যুবক নেমে পড়েন খাদের মধ্যে। তাঁদের কোমরসমান পানি। স্রোতের তোড়ে দাঁড়িয়ে থাকা দায়। ওপর থেকে অন্যরা দা-কুড়াল দিয়ে বাঁশ কেটে গর্তে থাকা যুবকদের হাতে দিচ্ছেন। বড় কাঠকে হাতুড়ি বানিয়ে বাঁশগুলো দিয়ে খুঁটি পোঁতা হচ্ছে গর্তে। দুই সারি খুঁটির মধ্যে ফেলা হচ্ছে শত শত বালুর বস্তা।
একসময় বাঁশ ফুরিয়ে গেল। কাছেই কৃষক বেল্লাল শেখের বাড়ি। দৌড়ে বাড়ি থেকে কুড়াল এনে তিনি রাস্তার পাশের সুপারিগাছ কাটতে লাগলেন। বাঁশের দেয়াল তুলতে রশি প্রয়োজন। সেই অভাব মেটাল কাঁচা পাটের সবুজ আঁশ।
খবর পেয়ে ছুটে আসেন আলিয়াবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। তিনি কয়েক কিলোমিটার দূর থেকে ট্রাকে করে আনালেন কয়েক শ বালুর বস্তা। বিকেল চারটার মধ্যে চলে এলেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। তাঁর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা।
এবারের দৃশ্য ভিন্ন রকম। প্রথম ৩০ মিনিটের ভয়-উত্তেজনা আর নেই। সুশৃঙ্খলভাবে ভাগে ভাগে কাজ হচ্ছে। সড়ক ও জনপথের ট্রাকে করে বালু ও সিমেন্টের খালি বস্তা এনে ফেলা হচ্ছে। কিছু লোক বালু দিয়ে বস্তা ভর্তি করছেন। পরে কাঁচা পাটের আঁশ দিয়ে বস্তার মুখ বাঁধা হচ্ছে। আরেক দল লোক মাথায় বয়ে প্রায় ৩০ গজ দূরে খাদে ফেলছেন।
বিকেল সাড়ে পাঁচটার মধ্যে রাস্তার ওপরের খাদটা ভরাট হয়ে গেছে। জেলা প্রশাসক জানালেন, আর ঘণ্টা খানেকের মধ্যে রাস্তা খুলে দেওয়া হবে। এখন ভরাট জায়গার ওপরে ইট বিছিয়ে দেওয়া হবে। রাতে গ্রামপুলিশ পাহারায় থাকবে। আর সমস্যা নেই।
জেলা প্রশাসক সরাফত আলী বলেন, ‘আমাকে একজনও শ্রমিক আনতে হয়নি। আমরা শুধু ট্রাকে করে বালু আর ইট এনে দিয়েছি। এলাকার যুবকেরাই প্রথম ধাক্কাটা সামলেছে।’
মধু মৃধার দুঃখ: লম্বা দোহারা গড়নের যুবক মধু মৃধাকে দেখা যায় গলাপানিতে ডুবে ডুবে পাটের আঁটি গোছাচ্ছেন। গতকাল দুপুরেই তিনি বন্যায় ডুবে যাওয়া খেত থেকে পাট তুলে রাস্তার পাশে জড়ো করেছিলেন। ভাঙনটা হয় সেখানেই। তাৎক্ষণিকভাবে লোকজন তাঁর পাটগুলো খাদে ফেলে ভাঙন রোধের চেষ্টা করে। মধু অবশিষ্ট পাট সরিয়ে নিচ্ছিলেন। তা দেখে খেপে গিয়ে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বলেন, ‘তোর পাটের দাম আমি দিয়ে দেব।’ মধুর জবাব, ‘আপনারা নেতারা পরে কথা রাখেন না।’
এই প্রতিবেদককে মধু বলেন, তাঁর প্রায় ২০ হাজার টাকার পাট খাদের তলায় গেছে। এটা আর উদ্ধার করা যাবে না। মধুর নিজস্ব জমি নেই। নদীভাঙনে ভূমিহীন হওয়ায় অন্যের জমিতে পাট রুয়েছিলেন। এখন তিনি কী করবেন?
সব শুনে জেলা প্রশাসক জানালেন, দু-এক দিনের মধ্যেই তাঁর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।