বন্যার মাঝে একদল পর্যটক

রাত ১০টার আগেই শ্রীমঙ্গল পার হয়ে লাউয়াছড়ার পাশ দিয়ে যখন যাচ্ছি, তখন খিদেয় পেট চোঁ–চোঁ। শমসেরনগরের সুইসভ্যালি রিসোর্টে বলা ছিল মুরগি আর গরুর মাংস রান্না করে রাখতে। আগের অভিজ্ঞতায় খাবারের মান সম্পর্কে ধারণা থাকায় বেশ একটা ফুরফুরে মেজাজে বললাম, ‘আমরা মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব। খাবারটা গরম করে রাখুন।’
কিছু দূর যেতেই দেখি, গাড়ি, অটোরিকশা সব ঘুরে আসছে। মানুষের ভিড় রাস্তায়। নতুন যারা আসছে, তাদের ঘুরিয়ে দিচ্ছে এরা। ব্যাপার যথেষ্ট ভয়েরই। সামনের রাস্তা ভেসে গেছে বন্যায়। পানি হাঁটু ছাড়িয়ে কোমরে উঠেছে।
আর মাত্র তিন কিলোমিটার গেলেই শমসেরনগর। সেখানে অপেক্ষা করছে আমাদের তিনটি এসি রুম, গরম খাবার। অথচ বন্যার জল আমাদের এটুকু পথ পার হতে দিচ্ছে না।
শুক্রবার সকালে যখন আমরা সিলেট আর লালা খালের উদ্দেশে শমসেরনগর ছেড়েছিলাম, তখন মৌলভীবাজারের দিক দিয়েই ছিল যাত্রা। সেই রাস্তারও দুই জায়গা ভেসে গিয়েছিল পানিতে। পানি ছিল কম, তাই ঝুঁকি নিয়ে আমরা বন্যার পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখাতে পেরেছিলাম। ফেরার পথে মৌলভীবাজার পৌঁছানোর আগেই প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মজিবুর রহমান রঞ্জুকে ফোন করলাম। তিনি বললেন, মৌলভীবাজারের দিক থেকে শমসেরনগর পৌঁছানোর সুযোগ নেই, আসতে হবে শ্রীমঙ্গল হয়ে। তাঁরই কথা মেনে আমরা এ পথে এসেছি। শেষে এখানে এসে বন্যার পানি দেখছি। লাউয়াছড়া পার হতেই কাছের রাস্তাটা হঠাৎ করে বন্যার পানিতে ভেসে যাবে, সে ভবিষ্যদ্বাণী করার কোনো কারণ ছিল না। এই রাস্তা সাধারণত ডোবে না।
এসব ক্ষেত্রে দলের মেয়েরা সবার আগে ভীত হয়ে পড়ে, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা আগেই যা যা বলেছিল, সেসব স্মরণ করিয়ে দিতে থাকে। প্রতিবাদ করলেই বাদ-প্রতিবাদে এই ভয়ংকর রাতটা আরও ভয়ংকর হয়ে উঠবে, তাই আমরা রসিকতা করে বলি, যা যা হচ্ছে, তা অনুভব করা দরকার। ঈদের আগের রাতে এই যে আমরা আশ্রয়হীন হয়ে গন্তব্য খুঁজে পাচ্ছি না, এর মধ্যেও তো একটা মজা আছে। যদি কোথাও আশ্রয় না পাই, তাহলে মাইক্রোবাসটাকে ঘুরিয়ে ঢাকামুখী করে তুললেই তো হলো। রিসোর্টে থাকা মালপত্র পরে কোনো সময় পাঠিয়ে দেবেন রঞ্জু ভাই।
এই রসিকতায় দলের কারও মন ভরে না। একেকজনের একেক রকম সমস্যা। সে সমস্যার পাহাড় ডিঙিয়ে মনটাকে সতেজ রাখা খুব কঠিন। তার ওপর খিদের জ্বালা! না, এটা রসিকতার সময় নয়।
মজিবর রহমান রঞ্জু রাস্তার অন্য পাশ পর্যন্ত যতক্ষণে পৌঁছেছেন, ততক্ষণে আমাদের রাস্তার পিছন দিকেও পানি উঠতে শুরু করেছে।
রঞ্জু ভাই বলছিলেন, ‘আপনারা ফিলিং স্টেশন পর্যন্ত আসার চেষ্টা করুন। এরপর কোন পথে যেতে হবে ঠিক করব।’
আমরা সে কথা জানালাম আশপাশের সিলেটি জনগণকে। তারা এসব ব্যাপারে অভিজ্ঞ। বললেন, ‘ওদিকে যাওন যাইব না। ডুবিয়া যাইবেন। কোমরপানি। গাড়ির সাইলেন্সর পাইপ ডুবিয়া যাইবে।’
না, আমরা ডুবে যেতে চাই না। গাড়ি বিকল হয়ে পড়ুক, তাও চাই না। তাই রঞ্জু ভাইয়ের কথা অগ্রাহ্য করে আমরা দাঁড়িয়ে থাকি সেখানেই।
বন্যা এমনই এক ব্যাপার, বলে কয়ে তার তেজ বাড়ায় না। ইচ্ছে হলো তো ধীরে ধীরে এসে বলল, ‘শোনো, আমি এসেছি।’ আবার কখনো কখনো কিছু বলার প্রয়োজন মনে করে না, প্রচণ্ড বেগে চারপাশ ভাসিয়ে দিয়ে অক্লেশে বলে, ‘ভাসিয়ে দিলাম! থাকব কিছুদিন!’ আমাদের পিছনে পানি বাড়ছে। রাস্তার দুধারের টইটম্বুর পানি এখন রাস্তা পার হয়ে মোলাকাতের চেষ্টা করছে। আমাদের গাড়িচালক আজিজুল ভাই সভয়ে গাড়ি ঘুরিয়ে লাউয়াছড়ার দিকে নিতে নিতে বললেন, ‘রঞ্জু ভাই পারলে এই দিকে আসুক। আমি এখানে গাড়ি রাখতে পারব না। দুদিকে বন্যার পানি উঠলে গাড়ি নিয়ে দাঁড়াব কোথায়?’
আমরা তাঁর কথায় সায় দিই। বন্যার জলের সঙ্গে লড়াই করার মতো শারীরিক সক্ষমতা ও সাঁতারজ্ঞান দলের বেশির ভাগ সদস্যেরই নেই। অগত্যা পিছিয়ে আসি। এরই মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল ইসলাম ফোনে কথা বলে তাঁরই এক ছাত্র শোভন কুমার পালকে পেয়ে গেছেন, যার গেস্টরুমে দুটো ঘর বরাদ্দ পাওয়া যাবে। আজকের রাতটা আমরা শ্রীমঙ্গলের চা গবেষণা ইনস্টিটিউটে কাটাতে পারি। দলের কারও কারও মত ছিল এই রাতেই ঢাকা ফিরে যাওয়ার। কিন্তু ভেবে দেখলাম, সকাল নটা থেকে আমরা গাড়িতেই পার হচ্ছি পথ। রাত ১২টার দিকে ঢাকার পথে রওনা হওয়ায় ঝুঁকি বেশি। তাই রাতটা কোনোমতে কাটিয়ে সকালে রওনা দেওয়ারই সিদ্ধান্ত হলো।
মৌলভীবাজারে পানি উঠছে, আগেই শুনেছিলাম রঞ্জু ভাইয়ের কাছে। এক শ গ্রাম ডুবে গেছে—এমন কথা জানাল আমার মেয়ে সনকা। সীমান্ত এলাকায় বন্যার কারণে দুদেশের মধ্যে যাতায়াতে সমস্যা হচ্ছে, সে কথাও শুনেছি। কিন্তু আমরা নিজেরাই যে এ রকম ‘বন্যাকবলিত’ হব, তা বুঝতে পারিনি আগে।
শ্রীমঙ্গলের পানশী রেস্তোরাঁয় রাত ১২টার দিকে যখন আমরা খেতে বসেছি, তখন সব ধরনের দুঃচিন্তা মাথা থেকে নেমে গেছে। ঢ্যাঁড়স ভাজা, বাঁধা কপি ভাজা, ঝাল শুঁটকির পর দেশি মুরগির মাংস আর ডাল খেলাম গোগ্রাসে। এরপর গলদা চিংড়িও নেওয়া হলো। সেটা অবশ্য ভালো লাগল না কারও। শেষে পানশীর টক-মিষ্টি দই। তোফা খাওয়া-দাওয়ার পর আমরা রেস্ট হাউসে এসে ঘুম দিলাম। তার আগে রঞ্জু ভাই ফোন করলেন একবার, বেশ হেসে হেসে বললেন, ‘ভালোই করেছেন, এদিকে না এসে। আমি যখন জিজিরা বাজারে পৌঁছালাম, তখন একটা মোটরসাইকেল বন্যার পানি পার হচ্ছিল। এমন স্রোত ছিল পানিতে যে মোটরসাইকেলটা ভেসে গেছে। কোনো মতে বেঁচে এসেছে চালক!’
আজ সকালে আবার ফোন করেছিলাম শমসেরনগরে। জানতে চেয়েছিলাম, পানির কী অবস্থা। আমাকে জানানো হলো, পানি আরও বাড়ছে। ফলে আমরা ঢাকার পথে রওনা হয়ে গেলাম।
ঈদের রাস্তা ফাঁকা। আমরা ১৪ জুন মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিই ভোর ছটায়, পথে কোথাও জ্যামে দাঁড়াতে হয়নি। আজ ১৬ জুন ঢাকায় ফেরার সময়ও কোনো জ্যাম পাইনি। শুধু মাঝখানের সময়টায় কমলগঞ্জ-শমসেরনগরের বন্যা আমাদের নতুন অভিজ্ঞতা দিল। সত্যিই বানের পানি বলে কয়ে আসে না। যখন আসে, তখন চারপাশে সব ভাসিয়ে নিয়ে যায়।