বন্যার্ত মানুষের ত্রাণ নিয়ে অনিয়ম হলে কঠিন শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখভাল (মনিটরিং) করছেন। কাজেই বন্যাদুর্গত মানুষের ত্রাণ নিয়ে যদি কেউ অনিয়ম করেন, তবে কঠিন শাস্তি পেতে হবে।
গতকাল সোমবার বন্যাকবলিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সাংসদ নাঈমুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ আলম, অতিরিক্ত সচিব সাজ্জাদ কবির, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস এবং অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান উপস্থিত ছিলেন।
ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মন্ত্রী ও জনপ্রতিনিধিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এই দুর্যোগে মানুষের পাশে না দাঁড়ালে তাঁদের জবাবদিহি করতে হবে। শাস্তি পেতে হবে।
মন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত বানভাসি মানুষ ঘরে ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাহায্য-সহযোগিতা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে। জেলার বন্যাদুর্গত মানুষের জন্য ১৩ হাজার মেট্রিক টন চাল এবং ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।