বন্যার্তদের জন্য আশ্রয়, খাদ্য ওষুধের দাবি
সাতক্ষীরা, খুলনা ও যশোরের বন্যাকবলিত মানুষের আশ্রয়, খাদ্য, ওষুধের সরবরাহ দ্রুত নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এসব এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় পানি কমিটি ও বানভাসি সংহতি মঞ্চ যৌথভাবে আয়োজিত সাতক্ষীরা-খুলনা সড়কের আঠারমাইল নামক স্থানে এক সভায় এসব দাবি জানায়।সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা, খুলনা ও যশোরের এক বড় অংশের মানুষ বন্যাকবলিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব এলাকার প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী। পাঁচ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ বা উঁচু সড়কের পাশে বসবাস করছে। বক্তারা আরও বলেন, ১৫ দিন ধরে সাতক্ষীরা-খুলনা ও পাইকগাছা-খুলনা সড়ক বন্ধ হয়ে খুলনার সঙ্গে সাতক্ষীরার সরাসরি যোগাযোগ এবং কয়রা ও পাইকগাছার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কপোতাক্ষ, বেতনা ও শালিখা নদী পলি পড়ে বন্ধ হয়ে গেছে। সড়ক যোগাযোগ স্থাপন ও নদী খনন করে অবিলম্বে পানি নিষ্কাশন করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেওয়া হয়।কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বানভাসি সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক বি এম দাউদ আলী, পরিবেশ আইনজীবী সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান, তালার জালালপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে ত্রাণ, ওষুধ ও আশ্রয়ের দাবিতে একটি মিছিল করা হয়।