বন্যার্তদের জন্য টিএসসির সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় ২৭টি জেলায় ভয়াবহ বন্যায় অসহায় মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। একই ব্যানারের অধীনে সংগঠনগুলো ত্রাণ কর্মসূচি পরিচালনা করছে।

ত্রাণ সংগ্রহের জন্য ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের পরিচালক মীর লোকমানকে আহ্বায়ক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সি ও রিসার্চ সোসাইটির সভাপতি সাইফুল্লাহ সাদেককে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মূকাভিনয় প্রদর্শনীর মাধ্যমে টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। সংস্কৃতির নানা পরিবেশনার মাধ্যমে ক্যাম্পাসজুড়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব পরিবেশনার মধ্যে রয়েছে গান, পথ নাটক, মূকাভিনয়, আবৃত্তি, ছবি প্রদর্শনীসহ নানা বিষয়।

আগামী শুক্র ও শনিবার থাকবে ‘বন্যার্তদের পাশে আমরা’ শিরোনামের সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। শুক্রবার টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে আঞ্চলিক বিতর্ক, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, আলোকচিত্র প্রদর্শনী, যন্ত্রসংগীত, নৃত্য ইত্যাদি পরিবেশনা। শনিবার সকাল ১১টা থেকে টিএসসি মিলনায়তনে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। প্রদর্শিত হবে পিচ ঢালা পথ, ভুবন মাঝি, ভয়ংকর সুন্দর সিনেমা। এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ উত্তরাঞ্চলে বন্যার্ত মানুষের মাঝে প্রদান করা হবে। সিনেমার টিকেট মূল্য মাত্র ৫০ টাকা।

সম্মিলিত এ উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, চলচ্চিত্র সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, টুরিস্ট সোসাইটি, মাইম অ্যাকশন, সায়েন্স সোসাইটি, ক্যারিয়ার ক্লাব, প্রভাতফেরি, পরিবেশ সংসদ, আইটি সোসাইটি, স্লোগান একাত্তর, মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন, কুইজ সোসাইটি, কালচারাল সোসাইটি, ব্যান্ড সোসাইটি, রিসার্চ সোসাইটি, নাট্যসংসদ, সাহিত্য সংসদসহ টিএসসির প্রায় ২০ টি সংগঠন রয়েছে।