বন্যার্তদের পাশে আছি: ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফাইল ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ফাইল ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তাঁরা বন্যার্ত মানুষের পাশে আছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের ২০টি জেলায় ৯৭৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সঙ্গে এসব জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরের দিকে রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে মায়া এ কথা বলেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

ত্রাণমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত ৯০টি পয়েন্টের মধ্যে ২৭টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যাসহ যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যার্তদের আশ্রয় ও খাদ্য, চিকিৎসা ও উদ্ধার অভিযান অব্যাহত রাখতে বন্যা কবলিত ২০টি জেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

মন্ত্রী এ সময় দলমত-নির্বিশেষে দেশের সকল রাজনৈতিক নেতা-কর্মীদের অতীতের ন্যায় বন্যার্ত মানুষের সেবায় ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ আশপাশের আরও ৯টি জেলার নিম্নাঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া বন্যা কবলিত এলাকায় বিভিন্ন কারণে ২০ জন নিহত হয়েছেন।

বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির ‘রাজনীতি’ করার সমালোচনা করেন মায়া। বন্যা মোকাবিলায় এ পর্যন্ত সরকারের নেওয়া নানা উদ্যোগের বিবরণ দেন মন্ত্রী।

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে দেশের প্রায় সব প্রধান নদ-নদীর পানি বেড়েছে। বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যার ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করছে বিএনপি।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমদ উপস্থিত ছিলেন।