বন্যার্তদের মাঝে ত্রাণের অর্থ বিতরণ বন্ধ
অনিয়মের অভিযোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে গত শনিবার বন্যার্তদের মাঝে ত্রাণের অর্থ বিতরণ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। টাকা না পাওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মিছিল করে এলাকাবাসী। বিতরণ না হওয়া টাকা গতকাল রোববার ব্যাংকে জমা করা হয়েছে।এলাকাবাসী ও ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে ৪৬৭ জন বন্যার্ত দরিদ্র মানুষের মধ্যে ত্রাণের অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৪৬০ জনকে ২০০ ও সাতজনকে এক হাজার টাকা করে দেওয়ার তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদ। বিকেলে স্থানীয় আজিজপুর বাজারে নগদ অর্থ বিতরণ করতে আসেন সাংসদ। এ সময় জনপ্রতি ৫০০ টাকার স্থলে ২০০ টাকা এবং বরাদ্দকৃত এক লাখ ২০ হাজার টাকার মধ্যে এক লাখ টাকার হিসাব দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে সাংসদ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে ব্যাখা চান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলমকে তালিকা বাতিল করে নতুন তালিকা করার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ত্রাণ নিতে আসা দরিদ্র মানুষেরা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ‘ত্রাণ বিতরণ নিয়ে অনিয়ম কোনো অবস্থাতেই মেনে নেব না। ৫০০ টাকা দেওয়ার নির্দেশ থাকলেও তাঁরা ২০০ টাকা করে বিতরণের ব্যবস্থা করেন। ২০০ টাকা দিয়ে কি কেউ কিছু করতে পারবে? এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হলেও তালিকায় এক লাখ টাকার হিসাব পেয়েছি। তাই বিতরণ বন্ধ করে দিয়েছি।’পশ্চিম গৌরীপুরের ইউপি চেয়ারম্যান রফিউল্লাহ বলেন, ২০০ টাকা করে দিলে কম হয় তাই বিতরণ বন্ধ করে দিয়েছেন এমপি সাহেব। সব টাকা ব্যাংকে জমা করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাদের পরামর্শেই ২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এখানে কোনো অনিয়ম করা হয়নি।ইউএনও রফিকুল আলম বলেন, অন্য সব ইউনিয়নে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। পুরো টাকার হিসাব নেওয়া হবে।