বন্যার্তদের মাঝে সৈয়দপুর বন্ধুসভার ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তাপাড়ের বন্যার্ত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দিয়েছে নীলফামারীর সৈয়দপুর বন্ধুসভা। গতকাল শনিবার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকাজে অংশ নেন বন্ধুরা।
নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চর খড়িবাড়ী গ্রামটি বিলীন হয়ে গেছে। এলাকার লোকজন ঠাঁই নিয়েছেন নদীর বাঁধ বা উঁচু জায়গায়। কিন্তু সেখানেও স্বস্তি নেই। অব্যাহত নদীভাঙনের কবলে পড়েছে ওই গ্রামের ১৯৬ পরিবার। তারা এখন সম্বলহীন।
সৈয়দপুর বন্ধুসভার ত্রাণের নৌকা পাড়ে ভিড়তেই ছুটে এসে জড়ো হতে থাকেন বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন। গ্রামের বাসিন্দা বাদশা মিয়া বলেন, ‘হামার প্যাখে (পাশে) কাহো দ্যাখে না, একবার ইলিপ পাইনাই হামরা।’
৮০ বছরের বৃদ্ধা বাহাতুন নেছা কান্নায় ভেঙে পড়ে বন্ধুসভার সদস্যদের জড়িয়ে ধরে বললেন, তাঁর ছেলে বেঁচে নেই, নাতিটাও বজ্রপাতে মারা গেছে দুই দিন হয়। এখন তিনি অসহায়।
পরে বন্ধুসভার সদস্যরা ওই গ্রামের প্রকৃত ১৯৬ দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেন। বিতরণকাজে অংশ নেন সৈয়দপুর বন্ধুসভার ২৮ জন সদস্য। এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বন্যাদুর্গত লোকদের তালিকা তৈরি করেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মো. আসাদুজ্জামান, সদস্য খুরশিদ জামান, মুশফিকুর রহমান, মেহেদী হাসান, শিবলী আকতার ও একজন সদস্যের বাবা স্বপন সরকার।