বন্যার্তদের সাহায্যে মাটির ব্যাংক তুলে দিল শিশুরা

বন্যার্তদের জন্য জমানো টাকাসহ মাটির ব্যাংক দিল আট শিশু শিক্ষার্থী। পরে ব্যাংকগুলো ভেঙে দেখা যায় টাকার পরিমাণ ১ হাজার ৭৫০ টাকা। এই আট শিশু পিরোজপুরের মরিচাল এলাকার মিনা শিশু নিকেতনের। আজ রোববার সকালে তারা জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখের কাছে ব্যাংকগুলো তুলে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, পয়লা বৈশাখে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের টাকা সঞ্চয়ের জন্য মাটির তৈরি ব্যাংক উপহার দেওয়া হয়। ওই ব্যাংকে শিশুরা টিফিনের টাকা বাঁচিয়ে সঞ্চয় করে। বিদ্যালয়ের শিক্ষকেরা বন্যাদুর্গত মানুষের জন্য শিক্ষার্থীদের কাছে সহায়তা চাইলে আট শিশু তাদের মাটির ব্যাংকে জমানো টাকা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় গ্রামবাসী মিলে বন্যার্তদের জন্য ২৮ হাজার ২৯৪ টাকা সংগ্রহ করেন। আজ সকালে জেলা প্রশাসকের হাতে সব টাকা তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার ও প্রথম শ্রেণির ছাত্রী ইরা আক্তার বলে, ‘আমরা টিকিনের টাকা থেকে কিছু টাকা জমাতাম। বন্যায় কষ্ট পাওয়া মানুষদের সাহায্য করতে পেরে আমাদের ভালো লাগছে।’
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেন, ‘বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য শিশুদের দেওয়া টাকার পরিমাণ কম হলেও তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। টাকাগুলো বন্যাকবলিত কোনো জেলার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।’