সিলেট অঞ্চলে বন্যা
বন্যায় আত্মবিশ্বাস হারিয়ে মানুষ কাঁদছে
সবার আগে ভাবতে হবে, বই শুকাতে বসা শিশুরা কবে স্কুলে ফিরবে। তাদের চোখের পানি আমরা কখন মোছাব।
সত্তরে ভোলার মনপুরায় মানুষকে কাঁদতে দেখেছিলাম। ৫২ বছর পর আবার সিলেট-সুনামগঞ্জের মানুষকে কাঁদতে দেখলাম। সন্দ্বীপের উড়ির চরে ১৯৮৫ সালে জলোচ্ছ্বাস, অষ্ট আশির বন্যা, মানিকগঞ্জের সাটুরিয়ার টর্নেডো, টাঙ্গাইলের মিরিখপুরে ঘূর্ণিঝড়, সিডর, আইলা, চৌহালীর নদীভাঙন—যেখানেই গিয়েছি; মানুষের মধ্যে, পাড়ার মধ্যে, সমাজের মধ্যে মানুষকে ঘুরে দাঁড়ানোর চিন্তায় মগ্ন দেখেছি, কিন্তু কাঁদতে দেখিনি। চরম কষ্টের মধ্যে মানুষ বেজার না হয়ে হাসিমুখে কথা বলেছে, প্রশ্নের জবাব দিয়েছে—এবার মানুষ যেন বোবা হয়ে গেছে। মনপুরার আকলিমা বিবির মুখ বারবার চোখের সামনে ভেসে আসছিল। তিনি কথা বলছিলেন না, শুধুই কাঁদছিলেন। জীবনে তিনি কখনো ভাবেননি পুরুষের লুঙ্গি আর জামা তাঁকে পরতে হবে। হাতিয়ার দিক থেকে ভেসে এসেছিলেন তিনি।
পরিস্থিতি কত খারাপ হলে আর চাহিদা যাচাইয়ের মান কোন স্তরে নেমে গেলে মানুষ চিড়া নিয়ে ছোটে আর বানভাসি মানুষ এক টুকরা কাপড়ের অপেক্ষায় থাকে।
সিলেট–সুনামগঞ্জের বন্যায় মানুষ ভেসে যায়নি, কিন্তু তাঁদের ঘরবাড়ি, হাঁড়ি–পাতিল, কাঁথা–বালিশ, কাপড়চোপড় সব গেছে। অনেকেরই পরনের কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। তাই গোসল নেই।
চলমান বন্যায় সিলেট নগরীসহ সিলেট জেলার ১৩টি উপজেলা ও পাঁচটি পৌরসভা প্লাবিত হয়। এতে জেলার কমবেশি ৩০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্রে জানা গেল, সিটি করপোরেশন বাদে জেলার ১৩টি উপজেলা প্রায় ৪০ হাজার ঘরবাড়ি আর বাসযোগ্য নেই। ২৯ জুন পর্যন্ত জেলার ৬১৪টি আশ্রয়কেন্দ্রে প্রায় আড়াই লাখ মানুষ আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়া প্রায় সবাই এক কাপড়ে বাড়ি ছেড়েছিল। ভাবেনি বাড়িতে আর চট করে তাদের ফেরা হবে না। বাড়িঘর ভেসে যাবে পানির তোড়ে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ড্রিঞ্জা চাম্বুগং সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজারে পুরোনো কাপড়ের দোকানে বানভাসি মানুষের ভিড় নিয়ে এক মর্মস্পর্শী প্রতিবেদন লিখেছেন ২৫ জুন। এ দৃশ্য বন্যা উপদ্রুত সব জনপদের। ৫০ বছরে আমাদের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, পরিবর্তন এসেছে রুচিতে, দৃষ্টিভঙ্গিতে। মানুষ এখন আর অন্যের পুরোনো কাপড়ে গা ঢাকার কথা চিন্তা করে না। কম দামের হলেও নতুন কাপড় তার প্রথম পছন্দ। ঘূর্ণিঝড় সিডরের সময় থেকেই ক্ষতিগ্রস্ত মানুষকে পুরোনো কাপড় প্রত্যাখ্যান করতে দেখেছি। শরণখোলা থেকে রাঙ্গাবালী পর্যন্ত রাস্তার দুই পাশে ত্রাণের সঙ্গে আসা পুরোনো কাপড়ের ফেলে দেওয়া স্তূপ আমাদের ব্যথিত করলেও বিস্মিত করেনি। পরিস্থিতি কত খারাপ হলে আর চাহিদা যাচাইয়ের মান কোন স্তরে নেমে গেলে মানুষ চিড়া নিয়ে ছোটে আর বানভাসি মানুষ এক টুকরা কাপড়ের অপেক্ষায় থাকে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ড্রিঞ্জা চাম্বুগংয়ের কথাই ঠিক। নিরুপায় মানুষ ছেঁড়া কাপড়ও কিনছে। দরজির কাছে গিয়ে সেলাই করে ঘরে ফিরছে। পুরোনো কাপড়ের দোকানে ‘আরও সস্তা, আরও সস্তা’ দামের কাপড় খুঁজতে খুঁজতে কাঁদতে দেখলাম কামালুদ্দিনকে। তিনি তাঁর ‘সেয়ানা’ মেয়ের জন্য কাপড় কিনতে গিয়েছিলেন পুরোনো কাপড়ের গাঁট্টিতে। আমাদের তৈরি পোশাকশিল্পের মালিকেরা তাঁদের বাদ পড়া কাপড় নিয়ে কি এগিয়ে আসতে পারেন না? আমাদের শাড়ির কারখানাগুলো তাদের এক দিনের উৎপাদিত শাড়ি নিয়ে কি মানুষের পাশে দাঁড়াতে পারে না?
২.
সিলেট শহরতলির লালাবাগ এলাকার একটি সড়কের পাশে দেখা হলো পঞ্চম শ্রেণির এক শিশুর সঙ্গে। সে–ও কাঁদছে। রাস্তার পাশে একটা ছেঁড়া পাটি পেতে রোদে তার ভেজা বইগুলো শুকানোর চেষ্টা করছে। বাবা তার দিনমজুর। বানের তীব্র স্রোত পাড়ি দিয়ে কোনোমতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। একটু পানি কমতেই সে তার বইয়ের ব্যাগটার জন্য ছুটে গিয়েছিল তাদের ঘরে। স্কুলের সব বই ও ক্লাসের খাতা ভিজে নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে স্কুলের পোশাকও পানিতে হারিয়ে গেছে। সে জানে না, কবে স্কুল চালু হবে। চালু হলেও কি সে স্কুলে যেতে পারবে? বন্যায় হারিয়ে গেছে তার এক পাটি জুতা। স্কুল ড্রেস। ভিজে যাওয়া বইয়ের পানি হয়তো রোদে শুকিয়ে যাবে। কিন্তু শিশুটির চোখের পানি কে শুকাবে। পোশাক ছাড়া, বই ছাড়া কে তাকে স্কুলে ঢুকতে দেবে? উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, স্কুলে রাখা তাঁদের বাড়তি বইও পানিতে নষ্ট হয়ে গেছে। সবাইকে দেওয়ার মতো বই তাঁরা কোথায় পাবেন? বাংলাদেশের সব জেলায় বন্যা হয়নি। বন্যামুক্ত জেলাগুলোর উদ্বৃত্ত বই সিলেট অঞ্চলে নিয়ে আসার বুদ্ধি কি মন্ত্রিপরিষদের অনুমতির জন্য অপেক্ষা করবে? এখনই এ ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আশ্বস্ত করা প্রয়োজন।
তিনি তাঁর ‘সেয়ানা’ মেয়ের জন্য কাপড় কিনতে গিয়েছিলেন পুরোনো কাপড়ের গাঁট্টিতে। আমাদের তৈরি পোশাকশিল্পের মালিকেরা তাঁদের বাদ পড়া কাপড় নিয়ে কি এগিয়ে আসতে পারেন না? আমাদের শাড়ির কারখানাগুলো তাদের এক দিনের উৎপাদিত শাড়ি নিয়ে কি মানুষের পাশে দাঁড়াতে পারে না?
৩.
সিলেটের ওসমানীনগরে বন্যার্তদের এক আশ্রয়কেন্দ্রের কোনার এক বারান্দায় বসে মা সেতারা বেগমকে কাঁদতে দেখলাম। একটা তোলা চুলা তিনি নিয়ে আসতে পেরেছেন। মনে হলো তাঁর প্রস্তুতি ছিল। সেই চুলায় আশ্রয় নেওয়া ১০টি পরিবার পালা করে চাল–ডাল ফুটিয়ে নেয়। গরম চুলার ওমে তিনি তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়ের বই শুকাচ্ছিলেন। ত্রাণের চাল পেয়েছেন। কিন্তু সে চালের ভাত খাওয়ার অভ্যাস তাঁদের নেই। আতপ চাল তাঁদের অভ্যাস। সেদ্ধ চালে তাঁদের নানা সমস্যা। সিলেটে ও সুনামগঞ্জে যাঁরা চাল নিয়ে যাচ্ছেন, তাঁরা দয়া করে সেদ্ধ চাল নেবেন না। না পারলে ধান দেন।
৪.
সিলেট–সুনামগঞ্জ সড়কে ধান শুকাতে বসে কাঁদছিলেন আজমির আলী। অনেক কষ্টে মার্চের ঝটকা বন্যার (মার্চ ২০২২) হাত থেকে কুড়ি মণ ধান বাঁচাতে পেরেছিলেন তিনি। এবার বানের গতি, শক্তি ছিল ভিন্ন, ঘরের ধান ঘরে রেখে কোনোমতে জান নিয়ে একটা উঁচু জায়গায় এসে ওঠেন আজমির। পরিবারকে সেখানে রেখে জান বাজি রেখে ফিরে যান ধান উদ্ধারে। ভিজে যাওয়া ভারী কয়েক বস্তা ধান একটা নৌকায় তুলে ফিরে আসেন পরিবারের কাছে। বৃষ্টি না থামায় কষ্টের ধান তিনি সঙ্গে সঙ্গে শুকাতে পারেননি। বস্তার ভেজা ধানে চারা গজাতে থাকে। দিন কয়েক পরে একটু রোদের আভাস পেয়ে সড়কে ফেলে সেগুলো নাড়াচাড়া করেন। কিন্তু খুব একটা কাজ হয়নি। এখন এই ধান তাঁর গলার কাঁটা হয়ে গেছে; বেচতেও পারছেন না। এই ধান যদি তিনি বেচতে না পারেন, তাহলে খাবেন কী? এসব ধানের ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্ত নিতে হবে। কিনে নিতে হবে সব ধান। এ ধরনের পদক্ষেপ মানুষের অসহায়ত্ব দূর করে। ভিখিরি হওয়ার হাত থেকে বাঁচায়। পদ্মা সেতুর মতো মাথা উঁচু করার শক্তি জোগায়।
৫.
কাজল রেখা কর্মকারের বয়স বাহাত্তরের বেশি হবে। তিনি বিধবা ভাতা পান। তিনি জানতে পেরেছেন যে ব্যক্তি সরকারের কোনো একটা সুবিধা পায়, সে আর অন্য কোনো সুবিধার হকদার হবে না। বিধবা ভাতার তালিকায় নাম থাকায় তাঁর নাম আর কোনো তালিকায় উঠবে না। তাঁর ভেঙে যাওয়া ঘরটি মেরামত হবে কীভাবে। স্কুল থেকে তাঁকে নেমে যেতে বলা হয়েছে। তিনি কোথায় যাবেন?
এই ধান যদি তিনি বেচতে না পারেন, তাহলে খাবেন কী? এসব ধানের ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্ত নিতে হবে। কিনে নিতে হবে সব ধান। এ ধরনের পদক্ষেপ মানুষের অসহায়ত্ব দূর করে। ভিখিরি হওয়ার হাত থেকে বাঁচায়। পদ্মা সেতুর মতো মাথা উঁচু করার শক্তি জোগায়।
৬.
সুনামগঞ্জের কাদা কাদা রাস্তায় হাঁটার সময় কুড়িয়ে পেলাম একটা জাতীয় পরিচয়পত্র। না জানি কত মানুষ হারিয়েছেন তাঁদের জাতীয় পরিচয়পত্র। চিড়া–মুড়ি নিতে এটা লাগেনি। কিন্তু নগদ অর্থ সাহায্য, ত্রাণ কার্ড, ঘরবাড়ি নির্মাণ সহযোগিতা, সুদমুক্ত সহজ ঋণ—এসব ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ছাড়া হাকিম–হুকুম কিছুই নড়বে না। জাতীয় পরিচয়পত্র প্রদান ও প্রত্যয়নকারী কর্তৃপক্ষকে এর একটা সহজ পথ শিগগির খুঁজে বের করতে হবে।
অন্য জেলা থেকে কাজ করতে আসা মানুষের সংখ্যা সিলেট অঞ্চলে কম নয়। এই বন্যায় এসব খেটে খাওয়া মানুষ সব হারিয়েছেন। ত্রাণ সহযোগিতা থেকে তাঁদের বাদ দেওয়াটা অমানবিক হবে।
সবার আগে ভাবতে হবে বই শুকাতে বসা শিশুরা কবে স্কুলে ফিরবে। তাদের চোখের পানি আমরা কখন মোছাব। ঘর সারাতে না পারলে মানুষ স্কুলের আশ্রয়কেন্দ্র ছাড়তে পারবে না। তাই বলে কি পড়াশোনা থেমে থাকবে? দুই বছর পড়াশোনা ছিল না। এবার মাঝপথে বন্ধ হয়ে গেছে। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনে তাঁবু খাটিয়ে প্যান্ডেল বানিয়ে হলেও পড়াশোনা চালু করতে হবে।
●লেখক গবেষক nayeem5508 @gmail.com