বন্যায় আড়াই শ পানের বরজ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় শাখা যমুনা নদীর তীরের একটি গ্রাম চৌঘুরিয়া। এ গ্রামে প্রায় এক হাজার লোকের বসবাস। এখানকার প্রায় সবাই পান চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নদীর তীর ঘেঁষে এই গ্রামে ছোট-বড় প্রায় দুই শ পানের বরজ রয়েছে। কিন্তু এবারের বন্যায় প্রায় সব বরজই নষ্ট হয়ে গেছে। আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা সেখানকার পানচাষিরা।

শুধু চৌঘুরিয়া নয়, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ও দাউদপুর ইউনিয়নের প্রায় অর্ধশত পানের বরজ নষ্ট হয়ে গেছে।

গত শুক্রবার কাটলা ইউনিয়নের চৌঘুরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বরজগুলো থেকে বন্যার পানি নেমে গেছে। একটি বরজে ছয় বছরের ছেলে ফাহিমকে নিয়ে পচে যাওয়া পানের গাছ পরিষ্কার করছেন মো. ওয়াকিল মিয়া (৪৫)। তিনি বলেন, ১২ বছর ধরে ভ্যান চালিয়ে জমিয়েছেন ৪ লাখ টাকা। সেই টাকা দিয়ে দুই বছর আগে ১৫ শতক জমিতে শুরু করেন পান চাষ। দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার ভালোই চলছিল। কিন্তু এবারের বন্যায় পুরো বরজ পচে গেছে। আয়ের অন্য কোনো পথ নেই। নতুন করে আবার বরজ তৈরি করতে হবে।

এ গ্রামের সাফিয়া খাতুন (৪০) বলেন, পাঁচ বছর আগে তাঁর স্বামীর পা ভেঙে পঙ্গু হয়ে পড়েন। সংসারের দায়িত্ব আসে তাঁর কাঁধে। একমাত্র অবলম্বন ছিল ছয় শতক জমির একটি পানের বরজ। বন্যায় পুরো বরজই নষ্ট হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন সাফিয়া খাতুন।

একই রকম ক্ষতির শিকার ধীরেশ বার, অনিল মিনসি, মোফাজ্জল হোসেন ও জিল্লুর রহমান। চৌঘুরিয়া গ্রামের পানচাষিরা বলেন, বন্যায় বসতবাড়িতে পানি ঢুকেছে। আয়ের পথও বন্ধ হয়ে গেছে। শুধু পানগাছ পচে যায়নি, পুরো বরজ নষ্ট হয়েছে। এতে তাঁদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত রোববার নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের জগদীশপুর, পূর্ব ফতেহপুর, মোগরপাড়া, নলেয়া গ্রামে গিয়ে দেখা যায়, সেখানকারও পানের বরজগুলো বন্যায় নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, তাঁদের ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানের বরজ ডুবে যায়।

পূর্ব ফতেহপুরের আবুল কালাম বলেন, বরজ তৈরি যেমন ব্যয়সাপেক্ষ, তেমনি সময়সাপেক্ষ। এক বিঘার একটি বরজ তৈরি করতে দেড় থেকে দুই মাস সময় লাগে। এ সময় পানচাষিরা পরিবার নিয়ে কীভাবে চলবেন?

কাটলা ইউপির চেয়ারম্যান নাজির হোসেন বলেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল বলেন, তাঁর কার্যালয়ের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা ওই গ্রামে গিয়েছিলেন। চাষিদের ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোহাম্মাদ আসাদুজ্জামান বলেন, তিনি ক্ষতিগ্রস্ত বরজগুলো পরিদর্শন করেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

  • আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা কৃষক
  • নতুন বরজ তৈরি ব্যয় ও সময়সাপেক্ষ
  • সরকারি সহায়তার দাবি