সৌর বিদ্যুতে চলবে জাহাজ, পরিবেশবান্ধব শহর হবে বিদ্যুৎ সাশ্রয়ী, প্রতিটি বাড়ির নিরাপত্তা ব্যবস্থা করা হবে কম খরচে। নিজেদের উদ্ভাবিত এ রকম নানা প্রকল্প নিয়ে সপ্তম আন্তস্কুল বিজ্ঞান মেলায় হাজির হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা।
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল শাখায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা। এবারের মেলায় অংশ নিচ্ছে রাজধানীর ৩২টি স্কুল।
কৃষিপ্রধান বাংলাদেশে বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে কৃষিকাজ ব্যাহত হয়। কৃষকদের কথা চিন্তা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম বানিয়েছে ভাসমান চাষাবাদ প্রকল্প।
তার প্রকল্পে বন্যার সময় কলার ভেলার ওপরে হবে কৃষিকাজ আর খরার আগে বিশেষ পদ্ধতিতে পানি সংরক্ষণ করা হবে মাটিতে।
আইডিয়াল স্কুলের বনশ্রী শাখা থেকে মেলায় এসেছে অয়ন, সামি, আকাশ। তাদের প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে বাতি নিয়ন্ত্রণ করার। সন্ধ্যা হলে বাতি জ্বলবে, দিনের আলো ফুটলে বাতি নিভে যাবে আপনাতেই।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থী জুবায়েরের অভিভাবক দিলারা জামান বললেন, ছোটবেলা থেকেই যদি শিক্ষার্থীরা প্রকল্প তৈরি শিখতে শুরু করে তাহলে ওদের জন্যই ভালো। বড় হয়ে ওরাই তো বিজ্ঞানকে এগিয়ে নেবে, বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নেবে।
মেলার উদ্বোধন করে আইডিয়াল স্কুলের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, শুধু মুখস্থ করলে পাস করা যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না।
আইডিয়াল স্কুলের অধ্যক্ষ বলেন, সৃজনশীল হতে হলে ছোটকাল থেকে বিজ্ঞানচর্চা করতে হবে।
এ মেলা চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। বৃষ্টির কারণে মেলার প্রথম দিনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আসতে পারেনি বলে জানিয়েছেন মেলার আয়োজকেরা।