বন্যায় কুড়িগ্রাম ও গাইবান্ধায় ৬০০ কোটি টাকার ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বন্যায় গাইবান্ধা ও কুড়িগ্রামে প্রায় ৫৭৬ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সড়ক, বিভিন্ন স্থাপনা, বাঁধ ভেঙেও বড় ধরনের ক্ষতি হয়েছে।
গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় জেলার প্রায় ৩০৮ কোটি ৭৫ লাখ টাকার ফসল, সড়ক ও প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ১৭৪ হেক্টর জমির ফসল, এক কিলোমিটার মহাসড়ক, ১০৪ কিলোমিটার সড়ক, ৩৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং এক কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। টাকার হিসাবে ফসল ২৭৬ কোটি ২৯ লাখ টাকার।
এবার বন্যায় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের কৃষক আবুল কাশেমের (৪৫) এক বিঘা জমির আমনখেত নষ্ট হয়। তিনি বলেন, ‘এক বিঘায় বোরো চাষে খরচ নয় হাজার, আমন রোপণে মাত্র তিন হাজার টাকা। তাই এ বছর এক বিঘায় আমন রোপণ করেছিলাম।’
এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করার বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন বলেন, জেলার ১০৪ কিলোমিটার সড়ক মেরামতে ২৬ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রামের নয় উপজেলায় এক লাখ দুই হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করেন কৃষকেরা। দুই দফা বন্যায় প্রায় ৩০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কৃষক ওবাইদুল বলেন, ‘টানা ২২-২৩ দিন ধানখেত পানির নিচে ডুবে থাকায় পচে গেছে। অথচ কৃষি বিভাগের কেউ এসে কোনো পরামর্শ দেননি।’
তবে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শওকত আলী সরকার বলেন, ‘আমরা কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছি।’