বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ মানুষ, ত্রাণ অপর্যাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নে পরপর দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লাখ মানুষ। কিন্তু ত্রাণ পেয়েছে মাত্র ১ হাজার ৩০০ জন। ত্রাণের অভাবে বানভাসী মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ২০ শতাংশ এলাকা এখনো পানিতে ডুবে আছে। বন্যায় অন্তত এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় ২০ হাজার বাড়িঘর পানিতে ডুবে গেছে।
গত রবি ও মঙ্গলবার সরেজমিনে পৌর এলাকাসহ বালিজুড়ী, চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পানি নামতে শুরু করলেও এখনো অনেক গ্রাম জলাবদ্ধ অবস্থায় আছে। অনেক বাড়িঘর ভেঙেছে এবং ঘেরের মাছ ভেসে গেছে। এ ছাড়া পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নে ১৩৮ কিলোমিটার কাঁচা সড়ক এবং ২০ কিলোমিটার পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় কেউ কেউ ত্রাণ পেলেও বেশির ভাগ লোকই ত্রাণ পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। জোড়খালী ইউনিয়নের ১২ জন বলেন, তাঁরা এখনো ত্রাণের চাল পাননি। তাই শুকনা খাবার খেয়েই দিন কাটাচ্ছেন।
মাদারগঞ্জ কৃষি কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ বলেন, দুবারের বন্যায় মাদারগঞ্জ পৌরসভাসহ সাতটি ইউনিয়নের আমন ২ হাজার ১৭০ হেক্টর, আউশ ২০ হেক্টর ও ১৭৩ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। কৃষকেরা প্রথম দফায় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন খুব কম। কিন্তু পরে আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের বন্যায় খেত-খামার ডুবে গেছে। ফলে কৃষকদের ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। ফলে এখন জিনিসপত্রের দামও বেশি।
উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর বলেন, বন্যার পানিতে উপজেলার প্রায় ২০০ পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন বলেন, বন্যায় উপজেলায় কমবেশি এক লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ফসল ও অবকাঠামোগতসহ অন্য ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়েছে প্রায় ২৯ কোটি ৩৪ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কিছু মানুষের মধ্যে সরকারিভাবে ২৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ত্রাণ পেয়েছে ১ হাজার ৩০০ মানুষ।
মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বলেন, এই উপজেলায় দুই দফা বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। সরকারের সাহায্যই তাঁদের একমাত্র ভরসা। কিন্তু যে ত্রাণ দেওয়া হয়েছে, তা পর্যাপ্ত নয়। তাই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও সহায়তা চেয়েছেন।