বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সহায় 'বলান চারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় এবারের বন্যায় সাত হাজার হেক্টর জমির আমনখেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার পর সেই জমিতে ফের আমনের চারা রোপণ করছেন কৃষকেরা। এ ক্ষেত্রে তাঁরা আমনের ‘বলান চারা’ কাজে লাগাচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সাত হাজার হেক্টর জমির মধ্যে সাড়ে পাঁচ হাজার হেক্টরে আমনের চারা রোপণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোপণ মৌসুম শেষ হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত পুরো জমিতে চারা রোপণ করা সম্ভব হবে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বেড়ে গত ১০ আগস্ট বদরগঞ্জে বন্যা দেখা দেয়। উপজেলার ১৯ হাজার ৫৮০ হেক্টর জমির মধ্যে ১০ হাজার হেক্টর আমনখেত প্লাবিত হয়। ধীরগতিতে পানি নামতে থাকায় অন্তত সাত হাজার হেক্টরের আমনখেত পচে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আমনের বীজতলা না থাকায় বিপাকে পড়েন অনেক কৃষক। তবে আমনের বলান চারা পেয়ে তাঁরা উপকৃত হন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত আমন রোপণ জুলাই থেকে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহে শেষ হয়। এর আগে বীজতলা তৈরি করতে হয়। চারার বয়স ২০-২২ দিন হওয়ার পর তা বীজতলা থেকে তুলে উঁচু স্থানে কিছু জায়গা চাষ-মই দিয়ে কর্দমাক্ত করে ঘন করে রোপণ করতে হয়। রোপণ করা একেকটি চারা থেকে কুশি বের হয়ে অসংখ্য চারা গজায়। এটাই স্থানীয়ভাবে বলান চারা নামে পরিচিত।মূল বীজতলার চারার বয়স ৩৫ দিন পেরোলে সেই চারায় ফলন ভালো হয় না। কিন্তু বলান চারার বয়স ৫০-৫৫ দিন পেরোলেও ফলন ভালো হয়।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, আমনের বলান চারায় সুফল বেশি। এই চারা জমিতে রোপণ করার পর দুই পর্যায়ে কুশি গজায় এবং প্রতিটি কুশি থেকে ধানের লম্বা শিষ বের হয়। দানা মোটা হয়। এ কারণে ধানের ওজন বাড়ে। বলান চারার কাণ্ড শক্ত থাকে। তাই খেতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক অনেক কম হয়। উচ্চফলনশীল ব্রি ধান ৫১, ৫২, ৬৪, ৪৯, ৩৪ এবং বিআর ১১ জাতের ধানবীজ থেকে বলান চারা করা যায়।

গত এক সপ্তাহে উপজেলার মধুপুর, দামোদরপুর, কালুপাড়া, লোহানীপাড়া ও রামনাথপুর ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম ঘুরে দেখা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলান চারা তুলে জমি আবাদ করছেন। যাঁদের বলান চারা নেই, তাঁরা অন্যদের কাছ থেকে কিনে জমিতে রোপণ করছেন। চারার সংকটের কারণে এর দামও বেড়ে গেছে। এক বিঘা জমিতে (৬০ শতক) রোপণ করার জন্য কৃষককে ৬-৭ হাজার টাকার বলান চারা কিনতে হচ্ছে।

উপজেলার দামোদরপুর ইউনিয়নের আসমতপাড়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ১৫ বিঘা জমির ধানখেত বন্যার পানিতে ডুবে পচে গেছে। ভাগ্যিস বলান চারা ছিল। সেই চারা তুলে সব জমিতে ফের লাগিয়েছি। কিছু চারা বিক্রি করে বেশ টাকাও পেয়েছি।’

আমরুলবাড়ি গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর ধরে আমনের বলান চারা করি। এবার জমি রোপণ করার পরও কিছু বলান চারা ছিল। বন্যায় অনেক স্থানে আমনখেত নষ্ট হওয়ায় চারার চাহিদা বেড়েছে। বলান চারা ৮০ হাজার টাকায় বিক্রি করেছি।’

মধুপুর ইউনিয়নের গোবরগাড়ি গ্রামের কৃষক আব্দুর রউফের ১ একর ২৫ শতক আমনখেত বন্যায় নষ্ট হয়েছে। তিনি বলেন, ‘বলান চারা না থাকলে জমি খালি পড়ি থাকিল হয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, বন্যা মোকাবিলায় আমন মৌসুমের শুরুতে অনেক কৃষক বুদ্ধি খাটিয়ে আপত্কালীন সমস্যা মোকাবিলায় উঁচু জায়গায় আমনের বলান চারা তৈরি করে থাকেন। এই পদ্ধতি কৃষকের নিজস্ব উদ্ভাবন। এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। তাহলে অসময়ে বন্যায় আমনখেত নষ্ট হলেও চারার সংকট দেখা দেবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত সাত হাজার হেক্টরের প্রায় পুরোটাতেই ফের আমনের চারা রোপণ করা সম্ভব হবে।