বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সংস্কারের নির্দেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন–সংক্রান্ত সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। বিভিন্ন ধরনের ছোট, মাঝারি ও বড় মেরামত এবং নতুন নির্মাণকাজও করতে হবে। আর এ জন্য দ্রুত অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ শেষ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ আগস্ট পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলোর ৩ হাজার ৭২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ওই সময় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ১ হাজার ৫৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ছিল।
আজকের সভায় শিক্ষামন্ত্রী বলেন, বিগত অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাতীয় অগ্রগতির চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়ন বেশি হলেও তাতে তিনি সন্তুষ্ট নন। ভবিষ্যতে তা শতভাগ বাস্তবায়ন করতে হবে। সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
সভায় জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে মাউশির আওতায় ১৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১২টি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের একটি এবং বাংলাদেশ স্কাউটের একটি প্রকল্প বাস্তবায়িত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খানসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা।