বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। বিভিন্ন ধরনের ছোট, মাঝারি ও বড় প্রতিষ্ঠান মেরামত এবং নতুন নির্মাণকাজও করতে হবে। এ জন্য দ্রুত অর্থ সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ শেষ করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ আগস্ট পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলোর ৩ হাজার ৭২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ওই সময় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ১ হাজার ৫৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ছিল।
সভায় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খানসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা।