বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় ক্ষতিগ্রস্তসহ সারা দেশে একজন মানুষও অনাহারে কষ্ট পাবে না। আগামী ফসল ঘরে না ওঠা পর্যন্ত সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্য সহায়তা দেবে। বন্যার ব্যাপারে সরকার প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নিয়েছে।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি উচ্চবিদ্যালয় মাঠে বন্যার্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।’

অনুষ্ঠানে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন রংপুরের জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।

স্পিকার অনুষ্ঠানে বলেন, কাবিলপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২৫ জনকে ঘর মেরামতের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ১ হাজার ২০০ জনকে ত্রাণ হিসেবে চাল ও ক্ষতিগ্রস্ত ৬০ কৃষককে আমনের চারা দিয়েছেন স্পিকার।

পরে স্পিকার চতরা উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন। উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাসকরণবিষয়ক কর্মশালারও উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মু. আবদুর রউফ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনএফপিএর কান্ট্রি ডিরেক্টর ইউরোকাতো, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ আ ফ ম রুহুল হক, ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম, সাংসদ সেলিনা বেগম, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম।