বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে খুদে শিক্ষার্থীরা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দুটি বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরাও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যার্তদের সাহায্য হিসেবে শিক্ষার্থীরা ২৫০ গ্রাম থেকে ১ কেজি করে চাল নিয়ে আসছে বিদ্যালয়ে। শিক্ষকেরাও শিক্ষার্থীদের দেওয়া চাল বিতরণের জন্য বস্তা ভর্তি করে উপজেলার স্কাউট দলের হাতে তুলে দিচ্ছেন।
উপজেলার ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চাল জমা দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাগরিকা ও সনিয়া বলে, ‘বন্যায় মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে নদীতে। বাড়িঘর ভেঙে গেলে তো মানুষের খাবারও থাকে না। তাই মাকে বলে স্যারকে দিব বলে চাল নিয়েছি। স্যার ওই চাল ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেবেন।’ একই কথা বলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিপ্লব ও সুমি।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের এমন আগ্রহ দেখে আমরা শিক্ষকেরাও কিছু করে চাল দিয়ে তা উপজেলা স্কাউটের হাতে তুলে দিয়েছি। এখন এসব চাল ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করছে তারা।’
উপজেলা স্কাউটের সম্পাদক ও শিক্ষক মনজুর হোসেন বলেন, ‘২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ হাতীবান্ধা এসএস মডেল উচ্চবিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত মানুষজনের জন্য আমাদের ত্রাণসামগ্রী দিয়েছে। আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও এমন উদ্যোগে সাড়া দিয়েছে।’
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বন্যাপরিস্থিতির উন্নতি হলেও জেলার পাঁচটি উপজেলার ২৬টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯ হাজার ৮৬০টি পরিবার। নদীভাঙনের শিকার হয়েছে ৭৯০টি পরিবার। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারিভাবে ৬৯৬ মেট্রিক টন চাল, ২৫০ বান্ডিল ঢেউটিন, ২৬ লাখ ৪৫ হাজার টাকা ও ২ হাজার ৭৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।