বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমন চারা বিতরণ করলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গতকাল আমন ধানের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গতকাল আমন ধানের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ১২০ জন কৃষকের মাঝে বিনাসাই জাতের ওই আমন ধানের চারা বিতরণ করেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, ‘এই বন্যায় উত্তরাঞ্চলে বেশি ক্ষতি হয়েছে। এই অঞ্চল বন্যাপ্রবণ এলাকা না হওয়ায় মানুষের বন্যা মোকাবিলায় তেমন প্রস্তুতি ছিল না। এ কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে। মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পক্ষে সব মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, সে হিসেবে সব মন্ত্রণালয় কাজ করছে। তারই ধারাবাহিকতায় দেশে আজ প্রথম নীলফামারী থেকে আমন চারা বিতরণ কার্যক্রম শুরু হলো। স্থানীয় জনপ্রতিনিধিদের তালিকা অনুযায়ী সরকার ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা দেবে। এ কারণে জনপ্রতিনিধিদের সঠিক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম সভপতিত্ব করেন। বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আশ্রাফ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।

গোলাম মোহাম্মদ ইদ্রিস বলেন, আপদ মোকাবিলায় নীলফামারী বিএডিসি খামার বিনাসাই জাতের আমন বীজতলা তৈরি করেছে। বিএডিসির তৈরি ওই চারা জেলার ৬০০ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে। ওই চারা দিয়ে প্রতিজন কৃষক এক বিঘা করে জমিতে চারা রোপণ করতে পারবেন।