বন্যায় হাওরবেষ্টিত ছয় জেলার ৬২টি উপজেলার ৫১৮টি ইউনিয়নের ৮ লাখ ৫০ হাজার ৮৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় ২ লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ২০৫টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ছয় জেলা হলো সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৯২৪ মে. টন জিআর চাল, নগদ ২ কোটি ১৮ লাখ ৯৭ হাজার টাকা, ভিজিএফ হিসেবে আগামী জুলাই পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য ৩২ হাজার ৩৪০ টন চাল বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়া অতিদরিদ্র লোকজনের জন্য কর্ম সৃজন কর্মসূচির আওতায় ৯১ হাজার ৪৪৭ জন সুবিধাভোগীর জন্য ৮২ কোটি ৭ লাখ ৬৮৯ টাকা বরাদ্দ করা হয়েছে। ৩০০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে ২৭১ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৩৪৯ টাকার ত্রাণসামগ্রী বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি