বন্যায় জামালপুরের কৃষকের চোখে পানি

জামালপুর-ইসলামপুর প্রধান সড়কের পূর্ব বলিয়াচর। সড়কে দাঁড়িয়ে বন্যার পানিতে ডুবে থাকা জমির দিকে তাকিয়ে ছিলেন কৃষক আবদুল আখন্দ। সড়কের প্রায় ১০০ গজ দূরে দেড় বিঘা জমিতে শ্রাবণ মাসে আমনের চারা লাগিয়েছিলেন তিনি। বন্যায় সব শেষ।
বন্যায় নিজের ক্ষয়ক্ষতি বলতে গিয়ে গত শুক্রবার দুপুরে আবদুল আখন্দ কেঁদে ফেললেন। তাঁর জমির কিছু দূরে তৌহিদুল ইসলামের নয় বিঘা জমি প্রায় আট দিন ডুবে থাকার পর জেগেছে। কিন্তু ধানের চারাগুলো বিবর্ণ; তাঁর মুখও বিবর্ণ। আরও দূরে কাঁচিহারা এলাকায় বয়োবৃদ্ধ জাহানউদ্দিনের ছয় বিঘা ধানী জমির পানি কমে কাদায় ভরে আছে। তাঁর চোখ ছলছল।
বন্যায় ফসলের ক্ষতিতে তাঁদের মতো অনেক কৃষকের চোখেই এখন পানি। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবারের বন্যায় জেলায় দুই লাখ ৪১ হাজার ৭৬৪ জন কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার সাত উপজেলায় এক লাখ ৬৬ হাজার ৫২৯ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বন্যার পানিতে ডুবেছে ৩৯ হাজার ৭২৪ হেক্টর ফসলি জমি। এর মধ্যে ৩৫ হাজার ২৫৯ হেক্টর রোপা আমন এবং চার হাজার ৪৬৫ হেক্টর আমনের বীজতলা, আউশ, বিভিন্ন শাকসবজির খেত রয়েছে।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, কৃষকদের জন্য কী সাহায্যের ব্যবস্থা করা যায়, তার জন্য সরকারের কাছে বিস্তারিত লেখা হবে। তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম বলেন, ‘নিম্নাঞ্চলে প্রতিবছর এ ধরনের সমস্যা হয়। তার পরও আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে।’
রোপা আমন খেতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসলামপুর উপজেলায়। বিশেষ করে ইসলামপুরের চিনাডুলি, পাথর্শি, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী প্রভৃতি এলাকায়।
ইসলামপুরের চরগোয়ালিনী, গাইবান্দা, গোয়ালেরচর ও চরপুটিমারী ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে প্রচুর বেগুনের চাষ হয়েছিল এবারও। কয়েকজন কৃষক জানান, ব্রহ্মপুত্র নদের ৪০টি চরের কমপক্ষে ৩০ হাজার কৃষক বেগুন আবাদ করেছিলেন। প্রতি মৌসুমে উৎপাদন হয় প্রায় দুই লাখ টন বেগুন। এর বাজারমূল্য কমপক্ষে সাত কোটি টাকা। বন্যায় বেগুনের সব খেত পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে।
সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ অববাহিকা সবজিভান্ডার বলে খ্যাত। বন্যায় সব খেত ডুবে সবজি নষ্ট হয়ে গেছে।
এই জেলা থেকে প্রচুর সবজি যায় ঢাকায়। কিন্তু বন্যার পর সবজি যাওয়া কমে গেছে। যেমন জামালপুর ও শেরপুরের সংযোগস্থল সাতপাকিয়ায় থাকা ১৪টির মতো আড়ত থেকে সবজি যাওয়া কমে গেছে। সেখানকার মায়ের দোয়া সবজি ভান্ডারের মালিক চান মিয়া বলেন, আগে দৈনিক ৩০টি ট্রাক সবজি নিয়ে ঢাকায় গেলেও বন্যার পর যাচ্ছে পাঁচটি।