১২ হাজার হেক্টরের সবজির ৯০ শতাংশই নষ্ট হওয়ার শঙ্কা
বন্যায় ডুবে গেছে আড়াই লাখ হেক্টর জমির ধান

টানা বৃষ্টি ও বন্যার পানিতে ২১ জেলার প্রায় আড়াই লাখ হেক্টর জমির আউশ ও আমন ধান তলিয়ে আছে। ডুবে আছে প্রায় ১২ হাজার হেক্টর জমির সবজি। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২ লাখের বেশি।
গতকাল সোমবার পর্যন্ত এ হিসাব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। অধিদপ্তরের সূত্র বলছে, তাদের আশঙ্কা, পানিতে ডুবে থাকা জমির সবজির ৯০ শতাংশই (প্রায় ৫০ হাজার টন) নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া পুকুর ও মাছের খামার ভেসে যাওয়ায় মাছচাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের উত্তর ও মধ্য পূর্বাঞ্চলে বন্যা রয়েছে।
সবজির ক্ষতির প্রভাব ইতিমধ্যে বাজারে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় সব ধরনের সবজি ও পেঁয়াজের দাম বেড়েছে। কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত ২০ আগস্ট থেকে টানা বৃষ্টি ও বন্যায় পর্যায়ক্রমে এসব জমি তলিয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, এর আগে জুনে অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকার প্রায় ১ লাখ ৫৭ হাজার হেক্টর জমির ফসল ডুবে যায়। এর মধ্যে ৩৯ হাজার ১০২ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়। গত বছর ২৪ জেলায় বন্যায় কৃষকের ক্ষতি হয়েছিল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ধানের ক্ষয়ক্ষতি পোষাতে অতিরিক্ত বীজতলা আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছে। ফলে পানি নেমে গেলেই নতুন করে আমন ও আউশ ধান রোপণ করা যাবে। এতে উৎপাদন কিছুটা কমলেও ফলন একদম মার যাবে না।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সবজির ক্ষয়ক্ষতি পোষানোর তেমন সুযোগ নেই। কারণ, অনেক খেতে বেশির ভাগ সবজি পরিণত অবস্থায় ছিল। বিশেষ করে মরিচ, কপি, বেগুনসহ বিভিন্ন সবজি পানিতে দ্রুত নষ্ট হয়।
রংপুর: জেলা কৃষি কার্যালয় বলেছে, গত ১৮-২১ আগস্ট পর্যন্ত টানা বর্ষণ ও উজানের ঢলে জেলার সাত উপজেলায় বন্যা দেখা দেয়। উপজেলা কৃষি কার্যালয়গুলোর দেওয়া তথ্যমতে, এই বন্যায় পীরগাছা উপজেলায় ৫ হাজার ৪০০ হেক্টরের আমন খেত, বদরগঞ্জে ৫৬২ হেক্টরের, তারাগঞ্জে ৮০ হেক্টরের, মিঠাপুকুরে ৩ হাজার ৩৯০ হেক্টরের, পীরগঞ্জে ১৮০ হেক্টরের, কাউনিয়ায় ১ হাজার ২৫০ হেক্টরের এবং গঙ্গাচড়ায় ১ হাজার ৯৪২ হেক্টরের আমন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ সেপ্টেম্বর সরেজমিনে কাউনিয়ার হরিশ্বর, সাহাবাজ, বেতাগীর দোলা, গোপীরডাঙ্গা, আটানী দোলাসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, আমন খেতগুলোর বেশির ভাগ পানিতে তলিয়ে আছে। কিছু খেত থেকে পানি সরে গেলেও রোপা আমনের চারাগুলো পচে গেছে।
বগুড়া: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গতকালের তথ্য অনুযায়ী, বন্যায় জেলার আট উপজেলার ১৪ হাজার ৭৯৩ হেক্টর জমির ধান ও সবজি ডুবে গেছে। উপজেলাগুলো হলো সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, আদমদীঘি, শিবগঞ্জ, গাবতলী, শাজাহানপুর ও শেরপুর। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ৭৩ হাজার ৪০৬ জন। ১২ হাজার ৭৯১ হেক্টর জমির রোপা আমন, ১ হাজার ৪১০ হেক্টরের আউশ, ১৩৭ হেক্টরের বীজতলা, ৩৪০ হেক্টরের শাকসবজি ও ১১৫ হেক্টর জমির মাষকলাইয়ের ক্ষতি হয়েছে।
নওগাঁ: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, জেলায় ৯ হাজার ৩৬৫ হেক্টর জমির রোপা আমন, ১ হাজার ২০০ হেক্টর বোনা আমন, ২০০ হেক্টর আউশ ও ১৮০ হেক্টর জমির শাকসবজি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রানীনগর উপজেলায় ৪ হাজার ৯৪০ হেক্টর, আত্রাইয়ে ৪ হাজার ৭৯৫ হেক্টর, নওগাঁ সদরে ৫৮০ হেক্টর, মান্দায় ৪৮০ হেক্টর ও বদলগাছীতে ১৮০ হেক্টর।
রানীনগর, সদর ও আত্রাইয়ে ১ হাজার ৯৬টি পুকুর বন্যায় তলিয়ে গেছে। এতে ৪ কোটি ৭৩ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে মাছচাষিরা দাবি করেছেন।
গাইবান্ধা: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, দুই সপ্তাহ পানিতে ডুবে থাকায় জেলার সাত উপজেলায় ৩০ হাজার ১৭৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যাকবলিত কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে, বীজতলা পচে যাওয়ায় রোপা আমন ধানগাছের কোনো চিহ্ন নেই। অপেক্ষাকৃত উঁচু জমিতে লাগানো আদা পানিতে ডুবে নষ্ট হয়েছে। উঠতি কলাগাছের গোড়া পচে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম রুহুল আমিন বলেন, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সরিষা, ভুট্টা, মাষকলাই ও শাকসবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষি পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক শওকত আলী সরকার বলেন, দুই দফা বন্যায় জেলায় আড়াই লাখ কৃষকের ৪৭ হাজার ৬৭৪ হেক্টর জমির রোপা আমন ও সবজি নষ্ট হয়ে গেছে। বন্যার পানি বাড়তে থাকায় আরও ১১ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে তিন লাখ কৃষকের ৫৮ হাজার ৬৭৪ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
নীলফামারী: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম ইদ্রিস বলেন, বন্যায় জেলার পাঁচ উপজেলায় ৪৪৫ হেক্টর জমির রোপা আমন চারা সম্পূর্ণ নষ্ট হয়েছে। কৃষকেরা ক্ষতি পুষিয়ে নিতে বোলানের চারা (স্থানীয় ভাষায় দোগাছ) রোপণ করছেন। এ ছাড়া কৃষকদের ক্ষতি পোষানোর জন্য মধ্য ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে ৫২ হেক্টর জমিতে উচ্চফলনশীল আগাম সরিষা এবং ৫৬ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হবে। এ ছাড়া আগাম জাতের শীতকালীন ফসল উৎপাদন করে ক্ষতি কিছুটা পোষাতে পারবেন কৃষক।
ধরমপাশা (সুনামগঞ্জ): উপজেলায় বন্যায় ২৭৫ হেক্টর জমির রোপা আমন ও ১২৫ হেক্টরের বীজতলা তলিয়ে গেছে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, বদরগঞ্জ ও তারাগঞ্জ প্রতিনিধি, বগুড়া প্রতিনিধি, নওগাঁ প্রতিনিধি, গাইবান্ধা প্রতিনিধি, নীলফামারী প্রতিনিধি, ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি)