বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, হাজারো মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। গৃহিণীরা কাপড়–থালাবাসন নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ছবিটি গতকাল সকালে সদরের পাঁচগাছি এলাকার পানাতিপাড়া থেকে তোলা l ছবি: মঈনুল ইসলাম
কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। গৃহিণীরা কাপড়–থালাবাসন নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ছবিটি গতকাল সকালে সদরের পাঁচগাছি এলাকার পানাতিপাড়া থেকে তোলা l ছবি: মঈনুল ইসলাম

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের প্রায় সব কটি গ্রামে বন্যার পানি উঠেছে। কিছু মানুষ উঁচু মাচায় আশ্রয় নিয়েছে। তবে বেশির ভাগ মানুষই ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছে। চলছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। তারা মানবেতর জীবন যাপন করছে।
পৌরসভাসংলগ্ন পাঁচগাছি ইউনিয়ন। গতকাল শনিবার সকালে ধরলা সেতুর পূর্ব পাড়ে শুলকুর বাজার থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যন্ত দুই কিলোমিটার এবং ধরলা নদীর তীর রক্ষা বাঁধের পশ্চিমে ও দক্ষিণে চার কিলোমিটারে বন্যাকবলিত মানুষকে আশ্রয় নিতে দেখা গেছে। গবাদিপশু আনা হয়েছে। ওপরে পলিথিন ও বিছানার চাদর দিয়ে ঘেরা। কোথাও ফাঁকা।
পাকা সড়কে উঠেছেন ঝাকুয়াপাড়ার হালিম বেওয়া (৫০)। পেশায় রাজমিস্ত্রির জোগালি। তিনি বলেন, ‘একটা পলিথিন দেন বাহে। ঝড়ির (বৃষ্টি) মধ্যে রাইতোত ঘুম আইসে না। দিন-রাইত ঝড়ি। খেতা-বালিশ ভিজি গেইছে।’
পাশে পলিথিনের নিচে শুয়ে আছেন অসুস্থ দিনমজুর আকবর আলী (৮৫)। তিনি বলেন, ‘জীবনে প্রথম পাকা আস্তাত (সড়কে) উঠছি। ১৯৮৮ সালে শহরোত যায়া স্কুলোত উঠছিলাম। এমোন দুর্ভোগে আর পড়ি নাই। কাম নাই, কাজ নাই। অসুস্থ শরীর নিয়া খুব কষ্টে আছি।’
মৌলভিপাড়ার দিনমজুর আমিনুল ইসলাম (৪৫) জ্বরে ভুগছেন। তিনি বলেন, ‘সাত দিন সড়কে পড়ি আছি, বক্কর মেম্বার (ইউপি সদস্য) দুই দিন আগে আধা কেজি করে মুড়ি-চিড়া দিয়া গেইছে। আর কিছু পাই নাই।’
পাঁচগাছি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী রিমু ও লিলি জানায়, তাদের সব বই ভিজে গেছে। পরীক্ষা ছিল, হয় নাই। স্কুলে পানি।
পাঁচগাছি ইউপি কার্যালয়ে দেখা গেছে, ঘরের ভেতরের বিভিন্ন কক্ষে ও বারান্দায় অর্ধশত পরিবার আশ্রয় নিয়েছে। সিতাইঝাড় গ্রামের ছকিনা ও ছত্রপুরের হালিমা বেগম বলেন, পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টে আছেন। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। শৌচাগার নেই।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘মানুষের এত কষ্ট কোনো দিন দেখি নাই। ইউনিয়নের নয়টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। দুধকুমার নদ ও ধরলা নদীর বাঁধ ভেঙে পূর্ব ও পশ্চিম দিক দিয়ে পানি ঢুকছে, কিন্তু নামছে না। তিনি বলেন, ইউপিতে পরিবারের সংখ্যা ৬ হাজার ২৭৭। লোকসংখ্যা ২৮ হাজার ৪৫৬ জন। অধিকাংশ পরিবার সড়কবাঁধ, স্কুল-কলেজ, ইউপি কার্যালয়ে আশ্রয় নিয়েছে। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউপি এটি। কিন্তু এখন পর্যন্ত কিছু এলাকায় বন্যাকবলিত মানুষ শুকনো খাবার ছাড়া কোনো সাহায্য পায়নি।
সদর উপজেলার ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুকনো খাবার দিয়েছি। দু-এক দিনের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।’