বন্যায় তাদের ঈদের আনন্দ মাটি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নজুড়ে এখনো বন্যার পানি। পাশাপাশি চলছে নদীভাঙন। পুরো ইউনিয়নের ফসলের খেত, পথঘাট ও হাটবাজার পানির নিচে। বহু বাড়িঘরে উঠেছে বন্যার পানি। প্রায় দুই সপ্তাহ ধরে দুর্ভোগের মধ্যে বসবাস করছে ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ।ফসল হারিয়ে ইউনিয়নের চাষিরা এখন দিশেহারা। আর পদ্মার ভাঙনে যারা বসতভিটা হারিয়েছে, তাদের অবস্থা আরও করুণ। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবীর বলেন, ‘এবারের বন্যা নারায়ণপুরবাসীর ঈদের আনন্দ মাটি করে দিয়েছে।’গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের সব ফসলি জমি পানির নিচে। আউশের খেত বন্যার পানিতে ডুবে আছে। দেবীপুরের মোফাজ্জল হোসেন জানান, তিনি ১০ বিঘা জমিতে আউশের আবাদ করেছিলেন। রুস্তম মোড়লের পাড়ার রফিকুল ইসলাম জানান, তিনি আবাদ করেছিলেন চার বিঘা জমিতে। তাঁরা আরও জানান, তাঁদের আউশের সব খেত বন্যায় তলিয়ে গেছে।রুস্তম মোড়লের পাড়ায় গেলে লোকজন জানান, গরু-বাছুর নিয়ে তাঁরা মহাসংকটে পড়েছেন। মাঠঘাট ডুবে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। বাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। অনেকে বাড়ির ভেতরে চৌকি উঁচু করে সেখানে বসবাস ও রান্নার কাজ করছে।ইউপি চেয়ারম্যান বলেন, শুধু বন্যা নয়, পাশাপাশি ভাঙনও চলছে। খলিফারচর, ডাকাতপাড়া, জোহরপুর ও সূর্যনারায়ণপুরের ১২৫টি পরিবার ভাঙনকবলিত হয়েছে। বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৫২০টি পরিবার। পুরো ইউনিয়নবাসী এখন পানিবন্দী। ইউনিয়নের সব রাস্তায় পানি। নারায়ণপুর হাট ছাড়া সব হাটবাজারই পানির নিচে। এ অবস্থা চলছে ১০ দিন। পাঠানপাড়ায় ডায়রিয়া দেখা দিয়েছে। কিন্তু চিকিৎ সার কোনো ব্যবস্থা নেই।নারায়ণপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, ইউনিয়নের প্রায় সাড়ে নয় হাজার বিঘা জমির আউশ ধান, অড়হর, কাউনসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই আউশ ধান। এলাকার দরিদ্র কৃষক ও খেতমজুরেরা পড়বে খাদ্যসংকটে।