বন্যায় তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর ও নদীর পানি বেড়ে গেছে। জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা তাহিরপুর-সুনামগঞ্জ সড়কটি পানির তোড়ে কয়েক জায়গায় ভেঙে পড়ায় রোববার থেকে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, পানি ঢুকে পড়ায় উপজেলার সরকারি-বেসরকারি ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টিতে পাঠদান বন্ধ রয়েছে। ১৫টি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার ১০টি হাটবাজার ও শতাধিক গ্রামের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। সহস্রাধিক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও উঁচু খোলা স্থানে আশ্রয় নিয়েছে। হাওর ও নদীপারের বিদ্যালয়, হাটবাজার ও গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে। গতকাল বোরবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে যাদুকাটা, মাহারাম, রক্তি ও বৌলাই নদ-নদীর পানি বেড়ে তীরবর্তী নিচু এলাকার ঘরবাড়িতে ঢুকে পড়েছে। শনি, মাটিয়ান ও মহালিয়া হাওরের পানি বেড়ে যাওয়ায় হাওরপারের অপেক্ষাকৃত নিচু ঘরবাড়িতে পানি ঢুকেছে। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানি নদী উপচে বিভিন্ন গ্রাম ও হাটবাজারের ওপর দিয়ে প্রবল বেগে হাওরের দিকে প্রবাহিত হচ্ছে। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হচ্ছে। উপজেলার হাওরপারের শতাধিক গ্রামের প্রায় ১০ হাজার ঘরবাড়ি বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে ভাঙনের মুখে পড়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার জানান, গ্রামবাসী হাওরের ঢেউয়ের কবল থেকে ঘরবাড়ি রক্ষায় বিভিন্ন কৌশল অবলম্বন করছে। বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, তাহিরপুর-আনোয়ারপুর-বাদাঘাট সড়কের কয়েকটি স্থানে ভেঙে যাওয়ায় শনিবার থেকে ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, পাহাড়ি ঢলের পানি গ্রামের ঘরবাড়ির ভেতর দিয়ে প্রবাহিত হওয়ায় অধিকাংশ কাঁচা বাড়িঘর ভেঙে পড়ছে। এ রকম ২৫টি পরিবার ইউনিয়ন পরিষদে আশ্রয় নিয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, পানি ঢুকে পড়ায় ৫৫টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। তা ছাড়া আরও ১৫টি বিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসী আশ্রয় নিয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢলের কারণে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কটি কয়েক স্থানে ভেঙে যাওয়ায় সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা সদরের সঙ্গে বালিজুরী ও বাদাঘাট ইউনিয়নের সড়কযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তিনি জানান, সাত-আটটি আশ্রয়কেন্দ্রে সাত শতাধিক লোক আশ্রয় নিয়েছে। এ ছাড়া কেউ কেউ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।