বন্যায় তিন কিলোমিটার বিধ্বস্ত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলা পরিষদের সামনে সৃষ্টি হওয়া বিশাল গর্তে পানি জমে আছে l ছবি: প্রথম আলো
মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলা পরিষদের সামনে সৃষ্টি হওয়া বিশাল গর্তে পানি জমে আছে l ছবি: প্রথম আলো

অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজার-চান্দগ্রাম (বড়লেখা) আঞ্চলিক মহাসড়কের কুলাউড়া, জুড়ী এবং বড়লেখা উপজেলায় প্রায় তিন কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। এতে এই অংশ দিয়ে যাতায়াত করতে গিয়ে লোকজন চরম দুর্ভোগে পড়েছে। তা ছাড়া সড়কের এই দুরবস্থার কারণে অটোরিকশাচালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্যায় সড়কের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া ও আবুতালিপুর, জুড়ীর ভোগতেরা, উপজেলা পরিষদের সামনের অংশ, জাঙ্গিরাই চত্বর (প্রস্তাবিত মুক্তিযোদ্ধা চত্বর) ও বাছিরপুর এবং বড়লেখার পশ্চিম হাতলিয়া এলাকায় তিন কিলোমিটার জায়গা বিধ্বস্ত হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কের ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থান থেকে পানি নেমে গেছে। এসব স্থানে সড়ক ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

এ সময় সড়কের জুড়ী উপজেলা পরিষদের সামনে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা গর্তে আটকা পড়ে। যাত্রীরা নেমে কাদাজলে ভিজে গাড়িটি ধাক্কা দিয়ে গর্ত থেকে তোলার চেষ্টা চালান। এ সময় পেছনে আরও ২০-২৫টি যান আটকা পড়ে যায়। বড়লেখার পশ্চিম হাতলিয়ায় ট্রাকের পেছনে বেঞ্চ পেতে আসনের ব্যবস্থা করে যাত্রী পরিবহন করতেও দেখা যায়।

বড়লেখায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাব্বির আহমদ বলেন, বড়লেখা থেকে আগে জুড়ীতে অটোরিকশায় যেতে ৪০ টাকা ভাড়া দিতে হতো। এখন তা বেড়ে ১০০ টাকা হয়ে গেছে। চাকরির তাগিদে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

অটোরিকশার আরেক যাত্রী স্কুলশিক্ষক মুজিবুর রহমান বলেন, জুড়ী থেকে কুলাউড়ার ভাড়া ২০ টাকার স্থলে ৩০ টাকা হয়েছে।

তবে জুড়ী-কুলাউড়া ও জুড়ী-বড়লেখা সড়কে চলাচলকারী অটোরিকশার চালক তোতা মিয়া, সাইফুল আলম ও উজ্জ্বল আহমদ বললেন, বন্যায় প্রায় এক মাস গাড়ি চালানো সম্ভব হয়নি। এখন পানি কমায় গাড়ি চালানো শুরু করেছেন। সড়কের দুরবস্থার কারণে ভাড়া বেশি নিতে হচ্ছে। গর্তে পড়ে প্রতিদিন গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তখন মেরামতকাজ করাতে হয়।

পথচারী জুড়ীর বাছিরপুর এলাকার বাসিন্দা মাহবুবুল আলম বলেন, ‘সড়কের নিচু স্থানগুলো সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। এ সময় কাদাজলে ভিজে লোকজনকে চলাচল করতে হয়। সড়কের এসব স্থান উঁচু করা হলে এ সমস্যা হতো না। পাশাপাশি পানিনিষ্কাশনের জন্য সড়কের পাশে ড্রেন নির্মাণ করাও দরকার।

সওজ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের তিন কিলোমিটার জায়গা বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ওই সড়কসহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার আরও কয়েকটি সড়ক পুনর্নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সড়ক পুনর্নির্মাণের সময় নিচু স্থানগুলো উঁচু করে দেওয়া হবে। প্রয়োজনে নালা নির্মাণও করা হবে। আপাতত যান চলাচলের সুবিধার্থে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইটের খোয়া ফেলা হচ্ছে।