বন্যায় দুর্ভোগ, ত্রাণ চায় কুড়িগ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিন থেকে জ্বরে ভুগছে শিশু আবদুল খালেক। আজ সোমবার সকালে কয়েক কিলোমিটার নৌকায় করে নুনখাওয়া বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান বাবা কৃষক হজরত আলী। ওঁদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায়। ছবি: মঈনুল ইসলাম
সাত দিন থেকে জ্বরে ভুগছে শিশু আবদুল খালেক। আজ সোমবার সকালে কয়েক কিলোমিটার নৌকায় করে নুনখাওয়া বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান বাবা কৃষক হজরত আলী। ওঁদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায়। ছবি: মঈনুল ইসলাম

শিশু আবদুল খালেক (৭) এর সর্দি জ্বর সাত দিন ধরে। কিন্তু বন্যার মধ্যে চিকিৎসা করাতে পারেননি তার পরিবার। নিজেদের বাড়িসহ পুরো এলাকায় ডুবে গেছে পানিতে। তার মধ্যেই আজ সোমবার সকালে তার বাবা হয়রত আলী পানি ভেঙে ছেলেকে নুনখাওয়া বাজারে নিয়ে যান ডাক্তারের কাছে। সেখানে গ্রাম্য চিকিৎসককে দেখিয়ে ওষুধ নেন। এ সময় হয়রত আলী দুঃখ করে বলেন, ‘ছাওয়াটার ৭ দিন থাকি জ্বর। পানির মধ্যে ডাক্তার দেখপার পাই নাই। ছাওয়া কাহিল হয়া পরছে। তাই বাধ্য হয়া নিয়া আসলাম।’

আজ সোমবার জেলার নাগেশ্বরী উপজেলার বন্যা দুর্গত নুনখাওয়ায় ইউনিয়নে গিয়ে দেখা যায়, সড়ক পথে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। নৌকাই একমাত্র ভরসা। ভিতরবন্ধ ও কালীগঞ্জ ইউপি থেকে দুইটি সড়ক পথ ছিল। সে দুইটি পানিতে ডুবে আছে। তাই বাধ্য হয়ে লোকজন নৌকায় নুনখাওয়া ইউনিয়ন পরিষদ ও বাজারে যাচ্ছে।

ভিতরবন্ধ বাজার থেকে নৌকা করে একটি জলাশয় (স্থানীয় ভাষায় কুড়া) পারি দিয়ে নুনখাওয়া যেতে যেতে চোখে পড়ে পানিতে ডুবে যাওয়া গ্রামগুলো। এই ইউনিয়নের পূর্ব পাশে দুধকুমার, শংকোশ ও গঙ্গাধর নদী। তিন নদীর মিলিত স্রোতোধারায় পুরো ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। স্থানীয় শিক্ষক আবু তাহের জানান, কয়েক দিন আগে তীব্র স্রোতে বাঁধের একটি অংশ ভেঙে যায়। সেই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে পশ্চিম পাশের সমস্ত এলাকা ডুবে যায়। নুনখাওয়া বাজার থেকে সোমবার পানি নেমে যায়। বাজারের পাশেই একটি সেতু দাঁড়িয়ে আছে। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক উধাও হয়ে গেছে। সেখানে বন্যা কবলিত পরিবার তাদের গবাদিপশু নিয়ে একসঙ্গে রয়েছে।

বাজার থেকে নৌকায় চর কাফনা গিয়ে দেখা যায় পাট খেতের পাশে স্রোতে ভেসে এসে জমে থাকা খড়কুটো কুড়াচ্ছেন স্বামী সামছুল হক ও স্ত্রী আঞ্জুনা বেগম। সঙ্গে নাতি-নাতনিরা। সামছুল পেশায় দিন মজুর। তিনি জানান, ‘কি করমো বাবা। ১৫ দিন থাকি পানির মধ্যে আছি। খাবার যা আছিল সউগ শ্যাষ। বাধ্য হয়া খড়ি কুড়বার নাকছি। শুকি বাজারোত বেচি চাউল কিনমো।’ তিনি বলেন, ‘খড়ি গুইলা স্রোতে ভাসি আইসে। হামরা আটকাই। এখন পর্যন্ত কাইয়ো একনা দানাও দেয় না।’

বন্যার পানিতে ডুবেছে সব। তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছে একটি পরিবার। ছবিটি কুড়িগ্রামের চরকাপনা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
বন্যার পানিতে ডুবেছে সব। তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছে একটি পরিবার। ছবিটি কুড়িগ্রামের চরকাপনা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

চর বার বিশ গিয়ে দেখা যায়, সকিনা বেগম নামে এক মহিলা সাঁতার কেটে একটি বাড়িতে যাচ্ছেন। স্রোতে ভেসে যাওয়ার উপক্রম হলে নৌকায় তুলে নিলে তিনি জানান, ‘সাত দিন আগে বাড়ির টুই পর্যন্ত পানি ওঠে। খুব স্রোত। থাকা যায় না। বাধ্য হয়া দুরত যাইয়া একটা উচা জায়গায় উঠি। ছাওয়া পাওয়া নিয়া খুব কষ্ট করি আছি। পানি কিছুটা কমলে সাঁতরে বাড়ি দেখপার আসছিলাম। স্রোতে ভাসি যাবার নাগছিলাম। তোমরা না থাকলে ভাসি গেইলোং হয়।’

একই এলাকার হোসেন আলী পানির মধ্যে বাড়ির গাছ কাটছিলেন। তিনি বলেন, ‘কি করমো। কামলা দিয়া খাই। ঘরে কিচুই নাই। গাছ কাটি ব্যাচে চাউল আনমো।’ বাজারে দেখা হয় ওই এলাকার ইউনিয়ন স্বাস্থ্যকর্মী জিয়াউল হকের সঙ্গে। তিনি বলেন, ‘বন্যায় চারিদিক ভাসি গেউছে। এখন ধীরে পানি কমছে। রোগ বালাই শুরু হইছে।’

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি আর এম মোকসেদুর রহমান জানান, উপজেলার ১১টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। দুর্গতদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নুনখাওয়া গ্রামের মানুষের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য ইউনিয়নে ৩টি কমিউনিটি ক্লিনিক আছে। কিন্তু নুনখাওয়ায় আছে একটি। সেটি ব্যাপারির চরে। তবে বন্যার পানিতে এখন সেটি পানিতে ডুবে আছে বলে জানান তিনি।

নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল হোসাইন জানান, ইউনিয়নের অবস্থা খুব খারাপ। পুরো ইউনিয়নই পানিতে ডুবে গেছে। মানুষ খুব কষ্টে আছে। কিছুদিন আগে ১০ বস্তা চাল দেওয়া হয়েছিল। আজ সোমবার জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিড়া দিয়েছে। কিন্তু দুর্গম চরের মানুষ কিছুই পায়নি বলে জানান তিনি।