বন্যায় দুর্ভোগে সরকারি পল্লির বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার মধ্যচরের পানিবন্দী একটি পল্লি। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো
রাজশাহীর পবা উপজেলার মধ্যচরের পানিবন্দী একটি পল্লি। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l প্রথম আলো

পদ্মার ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলোর ঠাঁই হয়েছিল প্রশাসনের গড়া পল্লিতে। নদীতে পানি বাড়ায় সেখানেও তারা বিপাকে পড়েছে। রাজশাহীর পবা উপজেলার মধ্যচরের এ পরিবারগুলো এখন পানিবন্দী। এখন পর্যন্ত তারা ত্রাণ পায়নি।
এলাকার অনেকে বলেন, পদ্মা নদীর ভাঙনে ভিটেমাটি হারানো পরিবারগুলোর জন্য মধ্যচরে প্রশাসনের পক্ষ থেকে ওই পল্লি গড়ে তোলা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ গত ফেব্রুয়ারি মাসে এর উদ্বোধন করেন। এখানে বর্তমানে ১৮০টির বেশি পরিবার রয়েছে, যাদের বেশির ভাগই অভাবী। পদ্মার পানি বাড়ায় এক সপ্তাহ ধরে এসব মানুষ পানিবন্দী। ফলে খাবার জোগাড় নিয়ে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে তারা।
গত শুক্রবার মধ্যচরে গিয়ে দেখা যায়, অধিকাংশ ঘরই শণের বেড়া ও টিনের চালা দিয়ে তৈরি। ঘরগুলো এখন যেন পানির ওপর ভাসমান নৌকা। ঘর থেকে পা বাড়ালেই পানি। সরকারিভাবে বসানো নলকূপ ও গণশৌচাগারগুলো জলমগ্ন। পল্লির লোকজনকে এখন নৌকায় করে সব কাজ করতে হচ্ছে।
কৃষক আবদুল হামিদের স্ত্রী মিরা বেগম (৫০) বলেন, তাঁদের একটি মহিষের গাড়ি আছে। সেই গাড়িতে করে মানুষের জমির কাটা ধান বাড়িতে এনে দিয়ে যা উপার্জন হয়, তা দিয়েই সংসার চলছিল। কিন্তু রাখার জায়গা না থাকায় মহিষ জোড়া বিক্রি করে দিয়েছেন। বাড়ির সামনে পানিতে ভাসছে গাড়িটি।
দিনমজুর বজলুর রহমানের বাড়ির ভিটে ছাড়া সবই ডুবে গেছে। স্ত্রী জুলেখা বেগম বললেন, মাঠঘাট ডুবে যাওয়ায় তাঁর স্বামী এখন বেকার। দুই সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটছে। পল্লিতে বাইরের লোকজন বলছেন, ‘বাবা রে, আমহারে বাঁচান। আমরা কী খাইয়্যা থাকব।’
এই চরে বাড়ি করেছেন পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা। তাঁর বাড়ির চারদিকে পানি। গোলাম মোস্তফা বলেন, গত ফেব্রুয়ারি মাসে ১৫০টি পরিবারকে এই চরে পুনর্বাসন করা হয়। নতুন করে নদীভাঙনের কারণে পরিবারের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে এই চরে ১৮০টির বেশি পরিবার বাস করছে। অভাবী মানুষগুলো তাঁর কাছে আসছে। কিন্তু সরকারি সহায়তা না আসায় তিনি কিছুই করতে পারছেন না।
হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, আজ (শনিবার) বৈরী আবহাওয়ার কারণে তাঁরা মধ্যচরে যেতে পারেননি। কাল (আজ রোববার) যাবেন। এরপর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে ত্রাণের ব্যবস্থা করা হবে।