বন্যায় দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শহর ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নয়টি শহরের মধ্যে প্রথম স্থানে রয়েছে চীনের সাংহাই। এর পরের স্থানটি বাংলাদেশের রাজধানী ঢাকার। আন্তর্জাতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।নেদারল্যান্ড ও যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নতুন একটি পদ্ধতিতে গবেষণা চালিয়ে কোস্টাল সিটি ফ্লাড ভালনারেবিলিটি সূচকও (সিসিএফভিআই) তৈরি করেছেন। গবেষণা প্রতিবেদনের বিস্তারিত যুক্তরাজ্যভিত্তিক ন্যাচারাল হ্যাজার্ডস সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের মাত্র চার মিটার ওপরে থাকা ঢাকা শহরে নিয়মিতই বন্যা হয়। অথচ শহরটিতে বন্যা প্রতিরোধের ব্যবস্থা সামান্যই আছে। ঝুঁকির মাত্রা নির্ণয়ে গবেষকেরা শহরের বিস্তৃতি, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করেছেন।গবেষণাপত্রটির সহ-লেখক লিডসের স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক নাইজেল রাইট বিবিসিকে জানান, সিসিএফভিআই তৈরিতে ১৯ ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা হয়েছে। আর এতে দেখা গেছে, ঢাকার চেয়েও সাংহাইতে বন্যার ঝুঁকি বেশি।নাইজেল রাইট বলেন, ‘বন্যা সৃষ্টির কারণগুলোর পাশাপাশি আমরা অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে দেখেছি। এ ছাড়া স্থানীয় ও সরকারি পর্যায়ে বন্যা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, বন্যা-পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা, মানুষের বন্যা মোকাবিলার সামর্থ্য ও শহরবাসীর বয়সের হিসাব বিবেচনায় রেখে এ তালিকা তৈরি করা হয়েছে।’গবেষক রাইট আরও বলেন, স্থানীয়ভাবে বন্যার সৃষ্টি হলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। যেমন, জাপানের সুনামির পর ব্যাংককেও বন্যা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে হার্ডডিস্কের সংকট তৈরি হয়েছিল এবং দাম বেড়ে গিয়েছিল।গবেষকেরা নদীর তীরে গড়ে ওঠা শহরগুলোকে বিবেচনায় রেখে বন্যার ঝুঁকির যে তালিকা তৈরি করেছেন, এতে থাকা শহরগুলো হচ্ছে: সাংহাই (চীন), ঢাকা (বাংলাদেশ), কাসাব্ল্যাংকা (মরক্কো), বুয়েনস এইরেস (আর্জেন্টিনা), কলকাতা (ভারত) ও রটারডাম (নেদারল্যান্ড)। বিবিসি।