গাইবান্ধায় বন্যার কারণে ৩ হাজার ৩১টি অগভীর নলকূপ অকেজো অবস্থায় পড়ে আছে। পানি নেমে যাওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, জেলার সাত উপজেলায় ২২ হাজার ৫১৪টি অগভীর নলকূপ রয়েছে। এর মধ্যে বন্যার পানিতে ডুবে থাকায় ৩ হাজার ৩১টি অগভীর নলকূপ নষ্ট হয়। নলকূপগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলায় ৬২৫, সাঘাটায় ৮০২, ফুলছড়িতে ৭৫৩, পলাশবাড়ীতে ২৪৫, সাদুল্যাপুরে ১৫৬, গোবিন্দগঞ্জে ১৩১ ও সুন্দরগঞ্জে ৩১৯টি। ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাড়ির আঙিনায় বসানো নলকূপ অকেজো হয়ে দাঁড়িয়ে আছে। সেগুলোতে পানি উঠছে না। ফুলছড়ির রতনপুর গ্রামের গৃহিণী আনজু আরা (৪০) বলেন, ‘আংনাত (আঙিনা) এ্যাকনা কল (নলকূপ) আচিল, তাক বানের পানিত ডুবি থাকি নষ্ট হচে। দূর থাকি পানি আনি খাবার নাগচি। কাউয়ো ভালো করব্যার আইসে নাই।’
একই গ্রামের কৃষক আমির আলী (৫৫) বলেন, ‘হামারঘরে পাড়াত এ্যাকনা সোরকারি কল আচিল। সেটা বানোত নষ্ট হচে। গাঁয়োত মেকার নাই। ভালো করতে ম্যালা ট্যাকা নাগে। ট্যাকা পামো কোনটে।’
একই উপজেলার ডাকাতিয়ারচর গ্রামের হাসনা বেগম (৪২) বলেন, ‘গাঁয়ের সগ কল ডুবি গেইচিল। বেশিগুলে নষ্ট হচে, পানি উঠি না। এক মাইল দূর থাকি কলের পানি আনা নাগে। তাও হামরা নদির পানি গরম করি খাবার নাগচি।’ একই গ্রামের দিনমজুর জলিল মিয়া (৫৫) বলেন, ‘বানোত কল নষ্ট হচে। একদিন দূর থাকি পানি আনি, তাক থুইয়া দুতিন দিন খাবার নাগচি।’ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের কৃষক রানা মিয়া (৪৮) বলেন, ‘এক বেলা না খায়া থাকা যায়, কিন্তু পানি ছাড়া চলে না। সেই কল বানোত নষ্ট হয়া আচে।’
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বন্যার পর ৫১৩টি নলকূপ মেরামত করা হয়েছে। অবশিষ্ট নলকূপ মেরামতে ২৪ জন মেকানিক কাজ করছেন।