বন্যায় পাঁচ জেলায় ফসল ও গো-সম্পদের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত ফরিদপুর ও গাইবান্ধার বন্যা পরিস্থিতি। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এই চার জেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির ফসল ও সবজি। ক্ষয়ক্ষতি হয়েছে গবাদিপশুর।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

শেরপুর: সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়া গ্রামের মোহাম্মদ আবদুল মজিদের এক একর জমির পাট ও সবজি বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। এতে ভবিষ্যৎ নিয়ে দিশেহারা তিনি। জেলার জঙ্গলদী গ্রামের মোশাররফ হোসেনের অবস্থাও একই। বন্যায় নষ্ট হয়েছে তাঁর এক একর জমির সবজি আর আমনের বীজতলা।
শেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আজ মঙ্গলবার পর্যন্ত জেলার সাত ইউনিয়নের ৫৭৫ ও ৩৫০ হেক্টর জমির ফসল কোথাও আংশিক, কোথাওবা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সবজি, পাট, রোপা আমন বীজতলা ও আউশ-আমনের আবাদ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্রহ্মপুত্র নদসংলগ্ন সদর উপজেলার চরাঞ্চলের সবজির আবাদ।

ফরিদপুর: সদর উপজেলা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় গতকাল সোমবার পর্যন্ত তলিয়ে গেছে ৭৫ হেক্টর সবজির খেত। ব্যাপক ক্ষতি হয়েছে বোনা আমনের। ৬৯৭ হেক্টর জমিতে বোনা আমন নষ্ট হয়েছে। প্রায় ১৩৫ হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে। রোপা আমন আর বীজতলা মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাত হেক্টর জমির ফসল।

গাইবান্ধা: সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ৩ হাজার ৪৪০ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৪৫ হেক্টর জমিতে আউশ ধান, ৮৩৫ হেক্টর জমিতে পাট, ১ হাজার ১৪০ হেক্টর জমিতে আমন বীজতলা, ৯২৬ হেক্টর জমিতে রোপা আমন ও ২৯৪ হেক্টর জমিতে শাকসবজির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৮ হাজার কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম রুহুল আমীন বলেন, কৃষির ক্ষতি পুষিয়ে নিতে ইতিমধ্যে কৃষি বিভাগের উদ্যোগে জেলায় তিন একর জমিতে আমনের বীজ বোনা হয়েছে। কত টাকার ফসলের ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু হয়েছে। তবে অভ্যন্তরীণ নদীর পানি না কমায় নতুন করে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বানভাসি মানুষ নৌকায় করে আশ্রয়ের খোঁজে যাচ্ছেন। তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘদিন ধরে গোচারণভূমি পানির নিচে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। অল্প জায়গায় বেশি করে গবাদি পশু রাখায় বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। কমে এসেছে দুধের উৎপাদন।

কুড়িগ্রাম: বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি। জেলার নয়টি উপজেলা এবার বন্যাকবলিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার হেক্টর জমির ফসল। বন্যার কারণে খেত নষ্ট হওয়ায় রোপা আমন ধানের চাষ পারছেন না কৃষকেরা।