বন্যায় ফসল নষ্ট, ভেসে গেছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্যায় প্রায় ৩১৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপজেলার অন্তত ৬২টি পুকুর ডুবে প্রায় সোয়া কোটি টাকার মাছ ভেসে গেছে।

উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল বলেন, উপজেলায় রোপা আমন, বোনা আমন, সবজি, মরিচ ও অন্যান্য সবজি এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩১৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণ এবং ৫৩৮ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া প্রায় ৩ হাজার ৫৮৫ জন কৃষকের ৫০১ হেক্টর সবজিখেত নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।

উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, বন্যায় গোয়ালন্দের সব কটি (চার) ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের মৎস্যচাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, দেবগ্রাম, উজানচর, ছোটভাকলা ও দৌলতদিয়ার মোট ৬২টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য দিয়েছি। ক্ষতিপূরণ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে।’

শুধু ফসলের নয়, উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও আসবাব নষ্ট হয়েছে বন্যায়। উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সানোয়ার হোসেন বললেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দৌলতদিয়া চাঁদ খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়। স্যাঁতসেঁতে হয়ে পড়ায় পাঠদান শুরু করা যাচ্ছে না। একাধিকবার ক্ষতিপূরণ এবং সংস্কারের দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হয়েছে।

চর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব বলেন, বন্যায় ১১ দিন বিদ্যালয় বন্ধ থাকার পর ৮ আগস্ট থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু এখনো মাঠঘাটে পানি ও কাদা থাকায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে ঠিকমতো আসতে পারছে না।