বন্যায় ফেঞ্চুগঞ্জের রাস্তাঘাটের বেহাল দশা, ৩২ স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে গত দুই দিনে বন্যার পানি আট সেন্টিমিটার কমলেও কুশিয়ারা নদীর পানি এখনো বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে কুশিয়ারা নদীর পানি বিপত্সীমার ১৩৯ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।বন্যার কারণে উপজেলার ৩২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলার অনেক রাস্তারঘাটের অবস্থা বেহাল। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। উপজেলার ৩৭টি গ্রামের ৫৬ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সরেজমিন গতকাল শুক্রবার উত্তর ইসলামপুর, পিঠাইটিকর, গুচ্ছগ্রাম, গয়াসী, উজান গঙ্গাপুর এলাকা ঘুরে দেখা গেছে, সেখানকার অধিকাংশ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বন্যার পানি শ্রেণীকক্ষে প্রবেশ করায় উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় পাঠদান বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলার বেশির ভাগ সড়কের অবস্থাই বেহাল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেঞ্চুগঞ্জ-মানিকোনা সড়কের। রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। পিঠাইটিকর সড়ক, ফেঞ্চুগঞ্জ বাজার সড়ক, ইসলামপুর সড়ক, ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সড়ক ও বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ-চানপুর সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এসব রাস্তায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ১৫৫টি পরিবারের ৫১৩ জন মানুষ আশ্রয় নিয়েছে।ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের তুলনায় সরকারি ত্রাণ অপ্রতুল। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হামিম হাসান বলেন, তাঁরা এ পর্যন্ত ৮১ টন চাল ও নগদ দুই লাখ ৬০ হাজার টাকার বরাদ্দ পেয়েছেন।