বন্যায় বাড়ছে পানিবন্দীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা ও তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। সেই সঙ্গে ভাঙনের মুখে পড়ে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম।
বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রোববার লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে ওঠে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে করে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত প্রায় ১৫টি গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, শনিবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতকাল রাত থেকে তিস্তার পানি আবারও বৃদ্ধি পায়। ফলে ভাঙন দেখা দেয়। রোববার পর্যন্ত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। বন্যাকবলিত মানুষেদের জন্য সরকারি সাহায্যের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, লবণ, তেল, দেশলাই, মোমবাতি, চিড়া, মুড়িসহ নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।
পূর্ব ছাতনাইয়ের ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, রোববার তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে চলা বন্যায় মানুষজন কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৬০ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বগুড়া: জেলার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ২৪ ঘণ্টায় আরও বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবো শনিবার সকাল ছয়টায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করলেও রোববার সকাল ছয়টায় তা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ছাড়িয়েছে। পাউবোর সারিয়াকান্দি পয়েন্টের পানির স্তর রেকর্ডের দায়িত্বে থাকা গেজ রিডার আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম প্রথম আলোকে জানিয়েছেন, জেলার তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ১২ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্গত এলাকায় ৯৫ মেট্রিক টন চাল এবং নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চন্দনবাইশা নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান রেজা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপারের বেশ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না।
সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানিয়েছেন, শ্রেণিকক্ষে পানি ওঠায় উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় আপাতত বাঁধ বা উঁচু কোনো স্থানে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সারিয়াকান্দি উপজেলার কাজলার ইউপি চেয়ারম্যান রাশেদ মোশাররফ বলেন, দুর্গম চরের এই ইউনিয়নের প্রায় ২৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় এখন পর্যন্ত সাত মেট্রিক টন চাল বরাদ্দ মিলেছে।
জামালপুর: যমুনা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গত চার দিনে জেলার তিনটি উপজেলার ১০টি ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানি ওঠায় রোববার থেকে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বন্যাকবলিত ওই সব গ্রামে বিশুদ্ধ খাবার পানি ও ত্রাণসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।
জামালপুর পাউবো সূত্র জানায়, রোববার বেলা তিনটার দিকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম বলেন, বন্যার পানি ঢুকে পড়ায় শুধু ইসলামপুর উপজেলাতেই ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট, বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই না থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু রাস্তার ওপর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। সেখানেও রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জামালপুরে সরকারি ত্রাণসামগ্রী দেওয়া হলেও বেশির ভাগ মানুষ সেসব ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত ৫০০ পরিবারকে শুকনা খাবার, ৩৫ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই সব ত্রাণসামগ্রী আজ থেকে বিতরণ করা হচ্ছে। জেলার ত্রাণভান্ডারে পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুত রয়েছে বলেও জানান তিনি।