বন্যার পানি না সরায় মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান এক মাস ধরে বন্ধ রয়েছে। অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের বিশ্বনাথে আরও ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫০টি গ্রামের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: জুড়ী (মৌলভীবাজার): পাঠদান বন্ধ থাকায় জেলার তিন উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আসন্ন প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। গত জুনের প্রথম সপ্তাহে টানা ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হাকালুকি হাওর উপচে তীরবর্তী বিভিন্ন গ্রাম তলিয়ে যায়। একই সঙ্গে কুলাউড়ার ৩৬টি প্রাথমিক ও আটটি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, জুড়ীর ২২টি প্রাথমিক ও পাঁচটি মাধ্যমিক এবং বড়লেখা উপজেলার ২১টি প্রাথমিক ও আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ হয়ে পড়ে। এর মধ্যে কুলাউড়ার ১৪, জুড়ীর চার ও বড়লেখার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ২৫ জুলাই থেকে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী ও অন্যান্য শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরুর কথা। পাঠদান বন্ধ থাকায় প্রস্তুতি নিতে পারেনি শিক্ষার্থীরা।জুড়ীর মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী বলেন, শ্রেণীকক্ষের ভেতর দুই-আড়াই ফুট পানি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, জেলার ৪২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো জলাবদ্ধ। প্রাক নির্বাচনী পরীক্ষা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই সময়ে ও অভিন্ন প্রশ্নপত্রে হবে। তাই ওই পরীক্ষা পেছানো যাবে কি না বলা যাচ্ছে না। তবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়তো পেছানো যেতে পারে। বিশ্বনাথ (সিলেট): উপজেলার দেওকলস ইউনিয়নের নতুন আরও ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। পূর্বে প্লাবিত গ্রামগুলোয় পানি আরও বেড়েছে। আর বন্যার পানিতে প্লাবিত হওয়ায় আটটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। বন্যার পানিতে বাগিছা-রাখালগঞ্জ বাজার সড়ক, কালীগঞ্জ-আলাকান্দি-মনাইকান্দি সড়ক ও কালীগঞ্জ-সমসপুর সড়ক নিমজ্জিত থাকায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নতুন প্লাবিত গ্রামগুলো হলো: জামালপুর, সাধুরগাঁও, পেড়ুরগাঁও, সাদপুর, কামিলনগর, কোনারাই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেছেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ): গত দুই সপ্তাহে ধরে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলার পাইলগাঁও, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি, সৈয়দপুর-শাহারপাড়া ও কলকলিয়া ইউনিয়নের ৫০টি গ্রামের এক লাখ লোক দুর্বিষহ জীবনযাপন করছেন। মিলিক গ্রামের আলী নূর বলেন, ‘অকাল পাইন্নে (পানি) আমরার খানি (খাবার ধান) কেড়ে নিছে। এখন বন্যার পানি আইয়া আমার থাকার আশ্রয় কাইড়া নিছে।’ উপজেলা প্রকৌশলী সামসুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, বন্যায় উপজেলার কমপক্ষে ১৫ কিলোমিটার পাকা রাস্তার ক্ষতি হয়েছে। এ ছাড়া কয়েকটি সেতুর অ্যাপ্রোচ ধসে গেছে।