
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেঁতুলতোলা বাজার থেকে কুজিপুকুর বাজার পর্যন্ত কাঁচা সড়কটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। এটি আলমপুর ইউনিয়নের ২০টি গ্রামের সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ সড়ক। এবারের বন্যায় সড়কটির প্রায় ৬০ মিটার অংশ চিকলী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে এসব গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
এ ছাড়া আলমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে খিয়ারজুম্মা বাজারে যাওয়ার সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির নগরপাড়ার কাছে প্রায় ৩০ মিটার অংশ বন্যার পানিতে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে বানিয়াপাড়া, ঠাকুরপাড়া, ডাঙ্গাপাড়া, চৌধুরীপাড়া, ভবানীগঞ্জ, বালাপাড়া, শিকারপাড়া, দরগাপাড়া, পশ্চিমপাড়াসহ ১৪টি গ্রামের প্রায় ১১ হাজার মানুষ।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, তেঁতুলতোলা বাজার থেকে কুজিপুকুর বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তাটি দিয়ে ধোলাইঘাট, ভীমপুর, সরদারপাড়া, হাজীপাড়া, আলমপুর, হাড়িয়ারহাট, পূর্বপাড়া, বড়ডাঙ্গা, মুন্সিপাড়া, মধুরামপুর, বড়খড়িপাড়া, ফাজিলপুর, শ্যামগঞ্জ, মৌলভীপাড়া, বস্তিপাড়া, কাকজীপাড়া, শেরমস্ত বালাপাড়াসহ ২০টি গ্রামের মানুষ রিকশা, ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোবাসে যাতায়াত করত। ২২ আগস্ট চিকলী নদীর তীব্র ভাঙনে আবাদি জমিসহ সড়কটির কদর হাজীর বাড়ির কাছে ৬০ মিটার নদীতে বিলীন হয়। ফলে এসব গ্রামের ১৯ হাজারের বেশি মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে। পাঁচ কিলোমিটারের পরিবর্তে ১২ কিলোমিটার রাস্তা ঘুরে এখন তাদের সদরে যেতে হচ্ছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, সড়কটির ভাঙা অংশ মাটি ভরাট না করায় রিকশা-ভ্যান, মাইক্রোবাস অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করছে। জমির আল ও অন্যের বাড়ির আঙিনা দিয়ে লোকজন চলাচল করছে পাঁয়ে হেঁটে।
ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, এ বছরও সড়কটির কিছু অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এটি নদীভাঙনের হাত থেকে রক্ষা করা না গেলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। মধুরামপুর গ্রামের কৃষক হানিফ মিয়া বলেন, ‘রাস্তা কোনা ভাঙি যাওয়ায় ধান-পাট-সবজি শহরত নিয়া বিক্রি কইরবার পারছি না। গ্রামোতে কম দামত বেচবার নাগেছে।’
এদিকে আলমপুর ইউপি থেকে খিয়ারজুম্মা বাজারে যাওয়ার সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির নগরপাড়ার কাছে প্রায় ৩০ মিটার অংশ বন্যায় ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছে বানিয়াপাড়া, ঠাকুরপাড়া, ডাঙ্গাপাড়া, চৌধুরীপাড়া, ভবানীগঞ্জ, বালাপাড়া, শিকারপাড়া, দরগাপাড়া, পশ্চিমপাড়াসহ ১৪টি গ্রামের প্রায় ১১ হাজার মানুষ।
বানিয়াপাড়া গ্রামের কৃষক নাজমুল হক বলেন, ‘বানের পানি রাস্তা কোনা ডুবি যায়া ভাঙি কুরা (গর্ত) হইছে। ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যানকে অনুরোধ করার পরও রাস্তার ভাঙা জায়গা কোনা ঠিক না করায় হামরা গাড়িত করি যাওয়া-আইসা করিবার পাওছি না।’
আলমপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের বলেন, রাস্তা দুটি দিয়ে ৩৪টি গ্রামের ৩০ হাজার মানুষ যাতায়াত করে। বন্যায় রাস্তা দুটির দুই স্থানে ভেঙে যাওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছে। কিন্তু ইউপিতে অর্থ না থাকায় রাস্তার ভাঙা অংশে মাটি ভরাট করা সম্ভব হচ্ছে না। উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘বরাদ্দ পেলে রাস্তা দুটির ভাঙা অংশে মাটি ভরাটের চেষ্টা করব।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম বলেন, বরাদ্দ পেলেই চলতি অর্থবছরে ওই দুই স্থানে মাটি ভরাট করা হবে।