সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের মান্নারগাঁও এলাকায় বন্যার পানির স্রোতে সেতুর সংযোগ সড়ক একপাশে প্রায় ২০ ফুট ধসে গেছে। এতে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার পর্যন্ত সরাসরি যাতায়াত বন্ধ। যাত্রীদের মাঝের ওই ভাঙা অংশে এসে গাড়ি বদলাতে হচ্ছে। এ কারণে প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে স্থানীয় উদ্যোগে তৈরি সাঁকো পারাপারেও দিতে হচ্ছে টাকা।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের মান্নারগাঁও এলাকায় দোয়ারাবাজার অংশে সেতু ঘেঁষে প্রায় ২০ ফুট রাস্তা পানির স্রোতে ধসে গেছে। সেখানে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে একটি সাঁকো।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পানির তীব্র স্রোতে বন্যা পরিস্থিতি শুরুর দিন থেকে সেতুর পাশ দিয়ে রাস্তা ক্ষয়ে যেতে শুরু করে। বাঁশ ও কাঠ পুঁতে, রাস্তাটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পানির স্রোত এত বেশি ছিল যে কোনোভাবেই রাস্তার ভাঙন ঠেকানো যায়নি। পরে বন্যা শুরু হওয়ার চার দিনের মাথায় ২০ জুন পানির তীব্র স্রোতে রাস্তাটি পুরো ভেঙে যায়।
রাস্তা ভাঙায় প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার যাওয়ার ভাড়া ৬০ টাকা। এখন সেখানে জনপ্রতি ১১০ টাকা দিতে হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ থেকে মান্নারগাঁও (সড়কের ভাঙা অংশ) পর্যন্ত ভাড়া ৫০ টাকা। আবার সাঁকো দিয়ে পার হয়ে আরেকটি সিএনজিতে আরও ৬০ টাকা লাগে। এ ছাড়া সাঁকো পারাপারে দিতে হয় আরও পাঁচ টাকা। সব মিলিয়ে ভাড়া দাঁড়ায় ১১৫ টাকা।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মান্নারগাঁও এলাকার যে অংশে সড়ক ধসে গেছে, তার দুপাশেই যানবাহনের সারি। এর মধ্যে বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা। আর যে অংশে রাস্তা ভেঙেছে, সেখানে নারকেলগাছ কেটে কাঠের তক্তার মতো চেরাই করে বানানো হয়েছে ওই সাঁকো। এর সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে কয়েকটি বাঁশ। উভয় দিক থেকে আসা যাত্রীরা ওই সেতু দিয়ে পাঁচ টাকার বিনিময়ে পারাপার করছেন।
অন্যদিকে দোয়ারাবাজার অংশে থাকা সিএনজিচালিত অটোরিকশাগুলো গ্যাস নিতে পারছে না। কারণ, সেগুলো সুনামগঞ্জ পর্যন্ত যেতে পারছে না। ফলে দোয়ারাবাজার অংশে থাকা সিএনজিচালিত প্রতিটি অটোরিকশার যাত্রীর আসনের পেছনে একটি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের সিলিন্ডার রাখা। যেখানে যাত্রীরা সাধারণত নিজেদের জিনিসপত্র রাখেন।
সুনামগঞ্জ অংশের সিএনজিচালিত অটোরিকশা চালক রাব্বি মিয়া প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জ থেকে মান্নারগাঁওয়ের দূরত্ব বেশি। তাই ভাড়া বেশি। স্বাভাবিক সময়েও ওই অংশের ভাড়া হিসাবে ৪০ টাকা হয়। ভাঙা রাস্তার কারণে ১০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। অন্যদিকে দোয়ারাবাজার অংশে যেটুকু পথ স্বাভাবিক সময়ে ভাড়া ২০ টাকার মতো, ওই অংশের চালকেরা নিচ্ছেন ৬০ টাকা ভাড়া। অর্থাৎ তিন গুণ বেশি।
ওই অংশের সিএনজিচালিত অটোরিকশাচালক জামাল মিয়া বলেন, রাস্তা ভাঙা থাকায় গ্যাস নিতে সুনামগঞ্জে যেতে পারছি না। সিলিন্ডার গ্যাস কিনে গাড়ি চালাতে হচ্ছে। ১ হাজার ৪৩৯ টাকার ১২ কেজির একটি গ্যাসের বোতল কিনতে হচ্ছে ২ হাজার টাকায়। তাই বাড়তি ভাড়া নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
তবে সাঁকো পারাপারে যে পাঁচ টাকা করে নেওয়া হয়, এর বেলায় কাউকে জোর করা হচ্ছে না। সবাইকে বলা হচ্ছে দিতে। তবে যদি কারও কাছে না থাকে, সে ক্ষেত্রে টাকা ছাড়াই পার হওয়া যাচ্ছে। কেউ কেউ আবার চারজন হলে দুজনের টাকা দিচ্ছেন।
সাঁকোর টাকা নিচ্ছিলেন আশরাফ আলী নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, সড়ক ধসে যাওয়ায় যাতায়াত একেবারে বন্ধ হয়ে ছিল। ট্রলার ছাড়া সুনামগঞ্জ যাওয়ার কোনো উপায় ছিল না। তাই স্থানীয় লোকজন উদ্যোগ নিয়ে জরুরি ভিত্তিতে সাঁকোটি তৈরি করেছেন। কাউকে টাকার ব্যাপারে জোর করা হচ্ছে না।