বন্যায় মতলব ফেরিঘাট অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানিতে ফেরিঘাটের দুই পাড় তলিয়ে যাওয়ায় চাঁদপুরের মতলব ফেরিঘাট অচল হয়ে পড়েছে। এতে ঘাটে অর্ধশতাধিক যানবাহন আটকে আছে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীতে কয়েক দিন ধরেই পানি বাড়ছে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটা থেকে হঠাৎ করে ওই ফেরিঘাটের দুই পাড় বন্যার পানিতে তলিয়ে যায়।

আজ বুধবার সকাল ১০টায় মতলব ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ওই ঘাটের দুই পাড় তিন-চার ফুট পানির নিচে। ঘাটসংলগ্ন সড়কে আটকে আছে অর্ধশতাধিক যানবাহন। মতলব-দাউদকান্দি, মতলব-চাঁদপুর, মতলব-নারায়ণগঞ্জ ও মতলব-ঢাকা সড়কপথে চলাচলকারী এসব যানবাহন এই ফেরি দিয়ে পার হয়। তবে এই রুটে বেশির ভাগই মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও অটোরিকশা চলাচল করে। মাঝেমধ্যে পণ্যবাহী ট্রাকও চলে।

ঢাকা শহরের একটি তৈরি পোশাক কারখানার মালিক মো. শাহ আলম বলেন, তাঁর গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামে। ঢাকা থেকে গাড়ি নিয়ে এই পথে বাড়ি যাচ্ছেন। আজ সকাল নয়টা থেকে এক ঘণ্টা ধরে ফেরিঘাটে আটকে আছেন। এই দুর্ভোগ কখন শেষ হবে জানেন না।

চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দত্ত বলেন, গতকাল ভোর পাঁচটা থেকে ওই ফেরিঘাটের দুই পাড় ও সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। এতে ফেরিতে যানবাহন ওঠানামা করতে পারছে না। তাই ফেরি চলাচল আপাতত বন্ধ।