বন্যায় মাদারগঞ্জে রবিশস্যের ক্ষয়ক্ষতি কৃষকেরা দুশ্চিন্তায়
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যায় হাজারো হেক্টর জমির রোপা আমন, মরিচসহ রবিশস্য নষ্ট হয়ে গেছে। বন্যা চলে যাওয়ার পর কী খাবেন—এই দুশ্চিন্তায় কৃষকেরা অস্থির হয়ে উঠেছেন।‘মরিচ, রোপা আমন, মাসকালাই, শাক-সবজি—সবই শেষ। আমগরে এবার কী হইব।’ কান্নাজড়িত কণ্ঠে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এসব কথা বলেন উপজেলার নাদাগাড়ী গ্রামের কৃষক হাশেম আলী মুন্সী। তিনি ভেবে পান না, জরুরি সাহায্য না পেলে সামনের দিনগুলো কীভাবে পার করবেন।উপজেলার মির্জাপুর গ্রামের সরওয়ার্দী মোল্লা বলেন, বন্যায় তাঁর তিন বিঘা জমির আমন ধানের সঙ্গে প্রায় চার বিঘা জমির মরিচ নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নেমে গেলে আবার আবাদ করার সুযোগ ও আর্থিক সংগতি কোনোটাই তাঁর নেই।পৌর এলাকার গাবের গ্রামের আকবর আলী খান ও বনচিথলিয়া গ্রামের সিরাজ উদ্দিন জানান, তাঁদের সব ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। স্ত্রী-সন্তানদের জন্য কী করে খাবার জোগাড় করবেন—এই দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না তাঁদের।মাদারগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-মামুন জানান, বন্যায় প্রায় সাত হাজার হেক্টর জমির রোপা আমন, ৩০ হাজার ৭২ হেক্টর জমির মরিচ, ৩৮২ হেক্টর জমির শাক-সবজি, ডালজাতীয় রবিশস্য ১২৯ হেক্টর, অন্যান্য ৫৪ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এবার মৌসুম শেষ হয়ে যাওয়ায় রোপা আমন ও মরিচ আবাদের আর সুযোগ নেই। ক্ষয়ক্ষতির পরিমাণের হিসাব সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।