বন্যায় মৌলভীবাজারে ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার কারণে মৌলভীবাজারে প্রায় ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই পানি উঠেছে। কয়েকটিতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের পানি না কমায় দুই সপ্তাহ ধরে ৬৯টি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কার্যক্রম বন্ধ রয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে হাকালুকিতে পানি বাড়ার পর পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে।কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটো কুমার দে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, হাওরের কাছাকাছি স্কুলগুলোর কার্যক্রম ১০-১২ দিন আগে বন্ধ হয়ে যায়। বাকিগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানিয়েছে, বিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক গতকাল বলেন, ‘বন্যার পানি ওঠায় বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। পানি না কমলে আর খোলা যাচ্ছে না।’