বন্যায় রংপুর বিভাগে আমনে ক্ষতি ৬৯০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় রংপুর বিভাগের আট জেলায় ৩ লাখ ৩৩ হাজার হেক্টর আমনখেত নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এতে চাষিদের ক্ষতির পরিমাণ প্রায় ৬৯০ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর ও দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় ৯ লাখ ৮৯ হাজার ৩০৮ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩ লাখ ৩৩ হাজার ১৫ হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার বলেন, এর আগে এভাবে কখনো এ বিভাগে বন্যায় একসঙ্গে এত বিপুল পরিমাণ আমনখেত নষ্ট হয়নি। তবে বিভিন্ন সময় বন্যায় কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার কিছু এলাকায় আমনখেত নষ্ট হয়েছিল। কিন্তু এবারের বন্যায় একসঙ্গে রংপুর বিভাগের আট জেলায় আমনচাষিদের প্রায় ৬৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বীজের অভাবে ক্ষতিগ্রস্ত এসব জমিতে নতুন করে আমন চাষ অনিশ্চিত বলে কৃষকেরা জানিয়েছেন। তাঁরা বলছেন, দেখতে দেখতে এসব জমিতে রবি ফসল আবাদের সময় চলে আসবে। তাই তাঁরা এসব জমিতে রবি ফসল আবাদের চিন্তাভাবনা করছেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের কৃষক এনামুল হক বলেন, ‘এবার হামার কপালোত আমন ধান আবাদ না হইবে। বীজ পাওয়া যাবার নয়। তারপরও রবি ফসল আবাদ করা লাগবে।’ একই এলাকার অনেক কৃষকই এমন কথা জানালেন।

জুলফিকার হায়দার গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও—এই তিন জেলায় ৪ লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার হেক্টর জমির আমনখেত পানির নিচে তলিয়ে যায়। এ তিন জেলায় শুধু আমনেই চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৩৪৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে জমিতে নতুন করে আমনের চারা রোপণ করতে হবে। এ ক্ষেত্রে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের চারা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শাহ আলম গতকাল বলেন, বন্যায় এ অঞ্চলের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা—এই পাঁচ জেলায় ৫ লাখ ৩৪ হাজার ৩০৮ হেক্টর জমিতে আমন চাষ করা হয়। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ১৫ হেক্টর জমির আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। রংপুর অঞ্চলের পাঁচ জেলায় আমনখেতের ক্ষতি নিরূপণ করা এখনো সম্ভব হয়নি। কারণ কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় এখনো পানি রয়েছে। ধারণা করা হচ্ছে, দিনাজপুর অঞ্চলের তিন জেলার চেয়ে ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। এ ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৩৪৬ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।