বন্যায় রৌমারীর সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানি নামতে শুরু করায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার সড়কগুলোর জরাজীর্ণ অবস্থা বেরিয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে সেখানকার রাস্তাঘাটের চরম দুর্দশা চোখে পড়েছে।
রৌমারী শ্যালো ঘাটের ইজারাদার মো. মোকসেদ আলী। তিনি বলেন, কুড়িগ্রাম থেকে রৌমারীতে ঢোকার সড়কের বিভিন্ন জায়গা ভেঙে গেছে। উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়নে যাওয়ার কাঁচা-পাকা সড়কগুলোর অবস্থা আরও বেহাল। গাড়ি চলাচল দূরের কথা, হেঁটেও চলা দায়। ফলে বন্যার্তদের জন্য এলাকায় ত্রাণসামগ্রীও ঠিকমতো ঢুকতে পারছে না।
ইজারাদার মোকসেদের বক্তব্যের সত্যতা পাওয়া গেল ঘাট থেকে মোটরসাইকেলে করে উপজেলা সদরে আসার সময়। সড়কের বিভিন্ন স্থান ভেঙে সরু হয়ে এসেছে। কোথাও সড়ক দেবে গেছে। কোথাও সড়কের ওপর পানি জমে আছে।
ঘাট থেকে বন্দবের গ্রামে পৌঁছে চোখে পড়ে, ব্রহ্মপুত্রের শাখানদীর ওপর একটি বাঁশের সাঁকো। সাঁকোটি পার হতেই কলেজ মোড়। এখান থেকে রৌমারী মূল শহরে প্রবেশের দুটি সড়ক আছে। কলেজ রোড ধরে এগোতেই দেখা গেল সড়কের ওপরে কচুরিপানা। কোথাও ছোট-বড় খানাখন্দ। তাতে পানি জমে আছে। শহীদ মিনারের কাছে পৌঁছাতেই দেখা গেল, ভাঙা সড়কের ওপর দিয়ে তখনো অল্পস্বল্প স্রোত বইছে।
কলেজ মোড় এলাকায় বিভিন্ন বেসরকারি দপ্তর, ক্লিনিক, হোটেল, স্কুল-কলেজ ও আবাসিক ভবন রয়েছে। স্থানীয় বাসিন্দা কলেজশিক্ষক হাশেম আলী বলেন, সবখানেই পানি উঠেছিল। রৌমারীর বালিয়ামারী সড়কের বাগমারা নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হয়। এতে সড়কটি ভেঙে যায়। লোকজন কলার ভেলায় করে ভাঙা অংশ পার হচ্ছেন। তা না হলে থানা সড়ক হয়ে দেড় কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হবে।
বাধ্য হয়ে থানা সড়কই ধরতে হলো। এ সড়কের অবস্থাও করুণ। বিভিন্ন স্থানে গর্ত হয়ে গেছে। শহরের শাপলা চত্বরের আশপাশে সড়কে কাদা ও পানি জমে আছে। শাপলা চত্বর থেকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে একই অবস্থা। সমবায় ও আনসার-ভিডিপি কার্যালয়ে যাওয়ার পথটি কয়েক স্থানে ধসে পড়েছে। খাদ্যগুদামের পেছনের সড়ক কিছুটা দেবে গেছে। সিজি জামান স্কুল ও স্টাফ কোয়ার্টারের পেছনের শহীদ মিনার থেকে সড়কটি বিভিন্ন স্থানে ফেটে ও দেবে গেছে। পাশেই বাড়ি মুক্তিযোদ্ধা বশির উদ্দিনের। তিনি বলেন, এলাকার সব সড়ক বেহাল। পাশের সড়কটি দেবে যাওয়ায় মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মারক শহীদ মিনারটিও হুমকির মুখে।
খোঁজ নিয়ে জানা গেল, রৌমারী সদরের সঙ্গে ইউনিয়নগুলোর সংযোগ সড়কের ১৯টি স্থানে ভেঙে বা ধসে গেছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, ‘এখনো অনেক সড়কে পানি আছে। বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গেছে। আমরা তালিকা করছি। আগে বন্যার ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। সে হিসাবে ৬৩ কিলোমিটার পাকা সড়কের ১০টি স্থানে ধসে বা ভেঙে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন তালুকদার বলেন, ‘বিভিন্ন দপ্তর ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছে। দু-এক দিনের মধ্যে তা হাতে পাওয়া যাবে। তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।