বন্যায় লাখো মানুষ খাদ্যসংকটে
কুড়িগ্রামের বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। গাইবান্ধায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নীলফামারীতে বন্যা-পরিস্থিতির উন্নতি হলেও মানুষের ভোগান্তি বেড়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: গাইবান্ধা: জেলার চারটি উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি হাঁটুপানিতে তলিয়ে আছে। ইউনিয়নগুলো হচ্ছে: সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, তারাপুর, সদর উপজেলার মোল্লারচর, ফুলছড়ি উপজেলার গজারিয়া, এড়েন্ডাবাড়ি, ফজলুপুর, ফুলছড়ি সদর, কঞ্চিপাড়া, সাঘাটা উপজেলার হলদিয়া, জুমারবাড়ি, ঘুড়িদহ ও সাঘাটা সদর। এসব ইউনিয়নের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। পাউবো গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদ্দৌলা জানান, গতকাল রোববার ব্রহ্মপুত্র ও যমুনার পানি চার সেন্টিমিটার কমেছে। তবে এখনো ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, জেলার ক্ষতিগ্রস্ত চারটি উপজেলায় বরাদ্দ দেওয়া ৮৪ মেট্রিক টন চাল ও নগদ আট লাখ টাকা বিতরণের কাজ চলছে। এ ছাড়া ফুলছড়ি উপজেলায় পানিবন্দীদের উদ্ধারের কাজ চলছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রাম: পানি বাড়ায় কুড়িগ্রাম সদর, উলিপুর, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার তিন শতাধিক গ্রাম ও চর প্রায় এক সপ্তাহ ধরে পানিতে তলিয়ে আছে। পানিবন্দী রয়েছে তিন লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি এবং খাদ্যসংকট তীব্র হয়ে উঠেছে। উলিপুরের বুড়াবুড়ি ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, গত ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্রের ভাঙনে চর মোহামঞ্চদপুর, চর কলাকাটা, জলঙ্গারকুটি ও ফকির মোহামঞ্চদ গ্রামের ৭৫টি বাড়ি বিলীন হয়েছে। নীলফামারী: বন্যার পর এলাকায় তেমন কাজ না থাকায় অনেক শ্রমজীবী পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তিস্তার পানি নেমে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমেনি। নদীভাঙনের শিকার ৪৮টি পরিবার এখনো রাস্তায় ও উঁচু স্থানে অবস্থান করছে। নষ্ট হয়ে গেছে অনেক রাস্তাঘাট। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহামঞ্চদ আরিফ জানান, বন্যার পানি নেমে যাওয়ায় নতুন করে আর ত্রাণ দেওয়া হবে না। পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙনে গৃহহারা প্রায় ২০০ পরিবারের তালিকা পাওয়া গেছে। সিরাজগঞ্জ: পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ জেলা সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার অন্তত ৫০টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত আড়াই লাখ মানুষ। এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য-সংকট দেখা দিয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি রোববার সকালে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বাড়ায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ‘হার্ড পয়েন্টে’ যমুনা নদীতে প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বাঁধটি ঝুঁকির মুখে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় বালুর বস্তা ফেলছে।