বন্যায় লাখো মানুষ পানিবন্দী
অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল বুধবার বেড়িবাঁধ ভেঙে চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ডুবে গেছে পটিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। কক্সবাজারের চার উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বান্দরবানের আলীকদম উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে।এসব এলাকার কোথাও কোথাও ভেঙে গেছে সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ, সবজি খেত ও আমনের বীজতলা। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:রাঙ্গুনিয়া: স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ভোর থেকে অবিরাম বর্ষণের কারণে ইছামতী নদীর পানি বেড়ে প্রবল বেগে ঢল নামে। এতে উপজেলার লালানগর, হোছনাবাদ ও স্বনির্ভর ইউনিয়নকে রক্ষায় তৈরি বাঁধটি ভেঙে এই তিন ইউনিয়নসহ চার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম তালুকদার জানান, তাঁর ইউনিয়নের দক্ষিণ খীলমোগল এলাকায় বাঁধের ৪০০ মিটার অংশ ভেঙে যায়। এতে অনেক বাড়িঘরে পানি উঠেছে, ধসে গেছে সাতটি কাঁচাঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি সড়ক। ভেসে গেছে ইছামতী নদীর জোরেরকুল এলাকায় নির্মিত কাঠের সেতুও। তিনি আরও জানান, সাত থেকে আট একর জমির আমন বীজতলা, ৩০টিরও বেশি পানের বরজ ও ২০০ একর জমির সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বনির্ভর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম জানান, তাঁর এলাকায় শতাধিক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বিধ্বস্ত হয়ে গেছে নয়টি কাঁচা ঘর। নষ্ট হয়েছে প্রায় পাঁচ একর জমির আমন বীজতলা ও অন্তত ১৫০ একর জমির সবজি খেত। এ ছাড়া হোছনাবাদ ও পারুয়া ইউনিয়নের সব কয়টি গ্রাম প্লাবিত হওয়ার কথা জানান তিনি। পটিয়া: পটিয়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন খালের পানি বৃদ্ধি পাওয়ায় পটিয়া পৌরসভাসহ ২২ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, গতকাল সকালে শ্রীমতী খালের প্রবল স্রোতে ভাটিখাইন এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। এতে এলাকার প্রায় চার শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। ডুবে গেছে ৬০ হেক্টর আমন বীজতলা ও ১২০ হেক্টর সবজি খেত। সরেজমিনে দেখা গেছে, পটিয়া পৌরসভার খাস্তগীরপাড়া সড়ক, রামকৃঞ্চ মিশন, ডাকবাংলো থেকে মোহামঞ্চাদ আলী সড়কসহ বেশ কিছু এলাকা হাঁটু পরিমাণ পানি উঠেছে। ফলে স্থানীয় লোকজন চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় ভাটিখাইন ইউপির চেয়ারম্যান মাহবুবুল আলম জানান, ভাটিখাইন এলাকার বেড়িবাঁধ ও শ্রীমতী খালের বেড়িবাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। আলীকদম: তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে অনেক এলাকা ডুবে গেছে। স্থানীয়রা জানান, উপজেলার ডাকঘর এলাকা, চিওনিপাড়া, বটতলী, আমতলীর চরসহ অনেক এলাকা প্লাবিত হয়েছে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদ্দুজামান বলেন, বন্যার্তদের আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার: চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, গত সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত এবং পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে মাতামুহুরী নদীর পানি উপচে ১১টি ইউনিয়নের শতাধিক গ্রামে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী জীবন কাটাচ্ছে এসব গ্রামের লক্ষাধিক মানুষ। চেয়ারম্যান জানান, গতকাল বুধবার বিকেলে উপজেলার পাহাড়তলী গ্রামের এনামুল হকের স্কুলপড়ুয়া ছেলে মো. অনিক (১০) পানিতে ডুবে মারা গেছে। বরইতলী ইউপি চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী বলেন, এলাকায় কয়েকটি গ্রামে দেড় হাজারের বেশি বসতবাড়ি পানিতে ডুবে গেছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সলিমুল্লাহ বাহাদুর বলেন, উপজেলার অন্তত ৩০টি গ্রামের ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।